আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের বস্ত্র ও পোশাকশিল্পের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। পাশাপাশি উৎপাদনশীলতা ও পরিবেশগত স্থায়িত্ব বাড়াতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের তাগিদ দিয়েছেন তিনি।
রোববার রাজধানীর একটি হোটেলে ‘স্কিলস ফর সেলফ-মনিটরিং অ্যান্ড কমপ্লায়েন্স উইথ ক্লিন অ্যান্ড ফেয়ার প্রোডাকশন ইন দ্য টেক্সটাইল অ্যান্ড গার্মেন্ট ইন্ডাস্ট্রি’ শীর্ষক প্রকল্পের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। বাণিজ্য মন্ত্রণালয় ও এসসিএআইপি যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সহযোগী ছিল ‘সাসটেইনেবিলিটি ইন টেক্সটাইল অ্যান্ড লেদার ইন্ডাস্ট্রি’ প্রকল্প।
অনুষ্ঠানে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, আন্তর্জাতিক ক্রেতাদের পরিবর্তিত চাহিদা এবং নতুন বাণিজ্যিক ও পরিবেশগত মানদণ্ড পূরণে শিল্পকারখানাগুলোকে এখন থেকেই প্রস্তুত হতে হবে।
তিনি বলেন, এখন পর্যন্ত অর্জিত ফলাফলগুলো আমাদের ভিত্তি মাত্র, শেষ গন্তব্য নয়। একটি কমপ্লায়েন্ট ও প্রতিযোগিতামূলক বস্ত্র খাত গড়ে তুলতে শিল্পমালিক, শ্রমিক এবং অংশীদারদের সঙ্গে নিয়ে আমাদের এই ভিত্তির ওপর দাঁড়িয়ে আরও এগিয়ে যেতে হবে।
দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশেরও বেশি বস্ত্র ও পোশাক খাত থেকে আসে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী জানান, এ খাত নারীদের কর্মসংস্থানসহ দেশের শিল্প অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নতুন নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রেখে কারখানাগুলোর সক্ষমতা অর্জনের ওপর জোর দিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক ক্রেতা ও নিয়ন্ত্রক সংস্থাগুলো এখন নিরাপদ কর্মপরিবেশ, ন্যায্য শ্রম অনুশীলন, সম্পদের দায়িত্বশীল ব্যবহার ও সরবরাহ শৃঙ্খলের স্বচ্ছতা প্রত্যাশা করে। তাই কমপ্লায়েন্সকে বাণিজ্য কৌশলের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করতে হবে।
ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতে সরকারের পদক্ষেপ তুলে ধরে মন্ত্রী বলেন, নীতিগত অগ্রাধিকার নির্ধারণ, প্রক্রিয়া সহজীকরণ, লজিস্টিকস ব্যয় হ্রাস এবং লাইসেন্সিং, কমপ্লায়েন্স ও বন্দরসংক্রান্ত অনুমোদন দ্রুততর করতে সরকার কাজ করছে। এছাড়া স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রস্তুতির জন্য বাংলাদেশ ২০২৯ সাল পর্যন্ত যে বর্ধিত সময় পেয়েছে, তা কাজে লাগিয়ে শিল্প খাতকে প্রস্তুত করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে জানানো হয়, এসসিএআইপি প্রকল্পের আওতায় কারখানায় স্ব-পর্যবেক্ষণ ব্যবস্থা জোরদারের মাধ্যমে পানি, জ্বালানি ও রাসায়নিকের দক্ষ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এতে পরিবেশদূষণ কমার পাশাপাশি উৎপাদন ও পরিচালন ব্যয় সাশ্রয় হবে। এছাড়া বাংলাদেশ বয়লার কোড, ডিজিটাল পরিদর্শনব্যবস্থা, ইটিপির অনলাইন পর্যবেক্ষণ, ডিজিটাল পরিবেশগত ছাড়পত্র, ট্রেসেবিলিটি কৌশল এবং ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্টের উপযোগী ডেটা ইকোসিস্টেম গড়ে তোলার উদ্যোগ পর্যালোচনা করা হয়।
আলোচনায় অংশগ্রহণকারীরা নিরাপদ ও পরিবেশবান্ধব শিল্প খাত গড়তে সংশ্লিষ্ট পক্ষগুলোর জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি কমপ্লায়েন্সকে রপ্তানি সক্ষমতা বৃদ্ধির হাতিয়ারে পরিণত করার মত দেন।
জার্মান ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের অর্থায়নে জার্মান উন্নয়ন সংস্থা জিআইজেডের মাধ্যমে প্রকল্পগুলো বাস্তবায়িত হচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এসসিএআইপি প্রকল্পের বাস্তবায়নকারী অংশীদার হিসেবে কাজ করছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। এটি আরএমজি সাসটেইনেবিলিটি কাউন্সিলের (আরএসসি) সক্ষমতা বৃদ্ধিতেও সহায়তা করছে।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ, জিআইজেডের কান্ট্রি ডিরেক্টর মার্ক গোমবার্ট, বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, আরএসসি, বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দসহ শ্রমিক সংগঠন, আন্তর্জাতিক ক্রেতা ব্র্যান্ড ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
দেশবার্তা/একে