কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিলের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ছয় প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) বিজিবি সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন।
রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়ার পর গোপালগঞ্জে এটি দলটির প্রথম প্রকাশ্য বিক্ষোভ মিছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগের কয়েক শ নেতাকর্মী ও সমর্থক বিভিন্ন ইউনিয়ন থেকে লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে শহরে প্রবেশ করেন এবং ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন।
বিক্ষোভের একপর্যায়ে তারা গোপালগঞ্জ সরকারি কলেজের ফটকে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ নামসংবলিত একটি ব্যানার টাঙান এবং জেলা আওয়ামী লীগ কার্যালয়ের তালা খুলে দেন। এছাড়া শেখ কামাল স্টেডিয়ামের কাছে জুলাই স্মৃতিস্তম্ভে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। পৌরসভা কার্যালয়ের সামনে বিএনপির ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে সড়কের ওপর স্তূপ করে তাতে আগুন দেন বিক্ষোভকারীরা। এ সময় লঞ্চ টার্মিনাল, কলেজ ও প্রেসক্লাবসহ বিভিন্ন স্থানে টায়ার, বাঁশ ও কাঠে আগুন জ্বালানো হয়।
এর আগে শনিবার রাতে টুঙ্গিপাড়া উপজেলায় বিএনপি ও যুবদলের দুটি কার্যালয়ে ভাঙচুর চালিয়ে আগুন দেওয়া হয়। স্থানীয়রা জানান, আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠি হাতে মিছিল নিয়ে এসে নিলফা বাজারে বিএনপির কার্যালয় এবং বর্ণি বাজারে যুবদলের কার্যালয়ে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এসব ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন।
দলীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়ে জানতে চাইলে গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান জানান, তিনি বিষয়টি খতিয়ে দেখছেন।
তবে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী জানান, ঘটনাগুলো সম্পর্কে তিনি অবগত নন।
দেশবার্তা/একে