জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার বাংলাদেশে সম্পন্ন হওয়ার পরও ভারতের পুনর্বিচারের পরামর্শের কঠোর সমালোচনা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেছেন, একই অপরাধে দ্বিতীয়বার বিচারের কোনো আইনগত সুযোগ নেই।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
চিফ প্রসিকিউটর বলেন, ‘আমাদের দেশে এ কার্যক্রমকে বলা হয় ডিনেভো ট্রায়াল তথা আরেকবার বিচার। ডিনেভো ট্রায়ালের বিধান ভারত, পাকিস্তান ও বাংলাদেশেও ছিল। ভারতীয় বিচারব্যবস্থায় সেই ডিনেভো ট্রায়ালের বিধান বাতিল করে দেওয়া হয়েছে। একইভাবে আমাদের দেশেও এটি রহিত করা হয়েছে, পাকিস্তানেও নেই। এখন যে দেশে তারা এই চর্চা করে না, তারা আরেক দেশকে ডিনেভো ট্রায়ালের জন্য কীভাবে পরামর্শ দেয়?’
ভারতের ভূমিকার সমালোচনা করে তিনি আরও বলেন, ‘ভারত সরকার শুরু থেকেই এ মামলার বিচার কার্যক্রম সম্পর্কে জানে এবং তাদের আশ্রয়েই আসামি রয়েছেন। বিচার কার্যক্রম শুরুর সময় কেন তাকে বাংলাদেশে গিয়ে বিচার মোকাবিলা করতে বা সময়মতো আপিল করতে পরামর্শ দেওয়া হলো না? তখন তাদের এই অতিথিকে কেন বলা হলো না যে আপনি বাংলাদেশে গিয়ে বিচার মোকাবিলা করুন? তা না করে আপিল ও বিচারের সময় পার করে এখন এসে আমাদের পুনর্বিচারের পরামর্শ দেওয়া হচ্ছে। এ ধরনের উদ্ভট বক্তব্য আমরা প্রত্যাখ্যান করি।’
আপিলের সুযোগ দেওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, ‘আপিলের সুযোগ সরকার বা চিফ প্রসিকিউটর কেউ দিতে পারবেন না; এটি সম্পূর্ণ আইনের বিষয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন-১৯৭৩ এবং ২০১০ সালের বিধিমালা আওয়ামী লীগ সরকারের আমলেই প্রণীত হয়েছে এবং ২০২৪ সালের আগ পর্যন্ত এই আইন ও বিধিমালা ব্যবহার করেই ট্রাইব্যুনালের কার্যক্রম পরিচালিত হয়েছে।’
তিনি স্পষ্ট করে জানান, বর্তমান সরকার আপিলের বিধান পরিবর্তন করেনি। আইনে আপিলের নির্দিষ্ট যে বিধান রয়েছে, সেটিই কার্যকর হবে। আইন না থাকলে সরকার, ট্রাইব্যুনাল কিংবা চিফ প্রসিকিউটরের কারও তা দেওয়ার কোনো এখতিয়ার নেই।
দেশবার্তা/একে