বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রামের পাহাড়তলী এলাকার ২১ দশমিক ৪৮ একর আয়তনের ঐতিহ্যবাহী জোড় ডেবা ঘিরে দখল ও অবৈধ ভাড়া-বাণিজ্যের অভিযোগের পর এবার জলাশয়ের মাছ লুটের অভিযোগ উঠেছে। সরকারি জলাশয় ইজারার আড়ালে পাড় দখল, অবৈধ স্থাপনা নির্মাণ এবং মাছ বিক্রির মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নেওয়া হলেও যথাযথ রাজস্ব রেলওয়ের কোষাগারে জমা হচ্ছে না বলে অভিযোগ রয়েছে।
দীর্ঘদিন ধরে ক্ষমতার অপপ্রয়োগ করে রেলের ২১ দশমিক ৪৮ একর আয়তনের জোড় ডেবা জবরদখলে রাখার অভিযোগ রয়েছে হাজী আব্দুল গণির বিরুদ্ধে। অবৈধ স্থাপনা নিজ উদ্যোগে অপসারণ করে ১৫ দিনের মধ্যে দখল ছেড়ে দেওয়ার নোটিশকে উপেক্ষা করে উল্টো মাছ লুট করছেন তিনি ও তাঁর সহযোগীরা। সোমবার (১৬ নভেম্বর) সকালে কয়েক টন মাছ ধরার বিষয়টি প্রতিবেদকের কাছে স্বীকার করেছেন আব্দুল গণি নিজেই।
চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় রেলওয়ে পূর্বাঞ্চলের মালিকানাধীন ২১ দশমিক ৪৮ একর আয়তনের জোড় ডেবা অবৈধভাবে ভোগদখল করছেন স্থানীয় হাজী আব্দুল গণি সওদাগর ও তাঁর বাহিনী। ডেবার পাড়ে গড়ে তুলেছেন বিশাল গরুর খামার ও কলোনি। ভাড়ায় এসব স্থাপনা ব্যবহার করে রেলওয়েকে ফাঁকি দিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করা হচ্ছে বলে জানতে পেরেছে রেল কর্তৃপক্ষ।
ফলে রেলের শতকোটি টাকার এই সম্পদ নিজেদের আয়ত্তে আনতে গত ৮ নভেম্বর হাজী আব্দুল গণি, তাঁর পরিবারের একাধিক সদস্য ও অন্যান্য দখলদারকে নোটিশ দেন বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা (ডিইও) ও সিনিয়র সহকারী সচিব মো. খোরশেদ আলম চৌধুরী।
নোটিশে বলা হয়েছে, সদর আমিন/কানুনগো কর্তৃক সরেজমিন তদন্ত প্রতিবেদনে জোড় ডেবা জবরদখল করে দক্ষিণ ও পশ্চিম পাড়ে অসংখ্য বস্তি স্থাপন এবং পুকুরপাড়ের কিছু গাছ ও মাটি কাটার সত্যতা পাওয়া গেছে। এ অভিযোগে এর আগেও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তখনও নোটিশকে কেউ পাত্তা দেয়নি। গত ১৮ অক্টোবর কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও কোনো জবাব পাওয়া যায়নি। এমনকি ডেবার পশ্চিম ও দক্ষিণ পাড়সহ অন্যান্য পাড়ে অবস্থিত অবৈধ স্থাপনা অপসারণ এবং সরকারের যাবতীয় পাওনা পরিশোধ করা হয়নি।
এ অবস্থায় সব অবৈধ স্থাপনা নিজ উদ্যোগে অপসারণ করে দখল হস্তান্তরের জন্য ১৫ দিনের সময় নির্ধারণ করে আবারও নোটিশ জারি করেন রেলওয়ে কর্তৃপক্ষ। নোটিশ পাওয়ার পর অবৈধ স্থাপনা অপসারণ না করে উল্টো ডেবার মাছ লুট করার দৃষ্টতা দেখিয়েছেন আব্দুল গণি।
নোটিশে যাঁদের দখলদার হিসেবে চিহ্নিত করা হয়েছে, তাঁরা হলেন মৃত হাজী আব্দুল রাজ্জাকের তিন পুত্র হাজী আব্দুল গণি সওদাগর, আব্দুল হামিদ ও আব্দুল হাই অথবা তাঁর বংশধর, গণির পুত্র মো. আব্দুল লতিফ, ভাই আব্দুল হাইয়ের স্ত্রী হাসনারা বেগম এবং মৃত হাজী আব্দুল রাজ্জাকের উত্তরাধিকারীরা। এ ছাড়া খুকি, শফি, রুবেল, ফিরোজা, রুবি, রহিমা, মনির হোসেন, শাহানা, খাদিজা, জামাল, রেনু ও জয়নাল। অজ্ঞাতনামা দখলদারদেরও নোটিশের আওতায় আনা হয়েছে।
স্থানীয় একাধিক বিশ্বস্ত সূত্র জানায়, নোটিশে ১৭ জনের নাম থাকলেও ডেবা ও আশপাশের এলাকা দখলের মূল হোতা হাজী আব্দুল গণি সওদাগর। তিনি এলাকায় অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় নেতাদের ছত্রছায়ায় রেলের জমি দখলে রেখেছেন। সরকার পরিবর্তনের পর এখন বিএনপি সাজতে চেষ্টা করছেন বলেও অভিযোগ রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে জোড় ডেবার দখলদার হাজী আব্দুল গণি সওদাগর মাছ ধরার বিষয়টি স্বীকার করেন। কী পরিমাণ মাছ ধরবেন জানতে চাইলে কয়েক টন ধরার কথা জানান। রেলের জলাশয় থেকে মাছ ধরা অন্যায় কি না জানতে চাইলে তিনি বলেন, “ডেবায় আমি মাছ ছেড়েছি, তাই আমি ধরতেছি।” কার জায়গায় মাছ ছেড়েছেন জানতে চাইলে এটি রেলের জমি বলেও স্বীকার করেন। রেলের জায়গা থেকে মাছ ধরা অনৈতিক কি না জানতে চাইলে আর কোনো জবাব দেননি।
ইজারার শর্তে উল্লেখ ছিল, জলাশয়টি শুধুমাত্র মাছ চাষের জন্য ব্যবহার করা যাবে। এর কোনো অংশে স্থাপনা নির্মাণ না করার অঙ্গীকার করেছিলেন লাইসেন্সি আব্দুল লতিফ। এমনকি মাটি খনন ও পানি অন্যত্র নিয়ে ব্যবহার না করার শর্তও উল্লেখ ছিল। এসব শর্ত না মানায় লাইসেন্স নবায়ন না করে অবৈধ স্থাপনা উচ্ছেদের পরিকল্পনা নেয় রেলওয়ে।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের চট্টগ্রামের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা (ডিইও) মো. খোরশেদ আলম চৌধুরী বলেন, “রেলের ২১ দশমিক ৪৮ একরের জোড় ডেবাটি দীর্ঘদিন ধরেই দখল করে রেখেছে একটি সংঘবদ্ধ চক্র। আমরা বিষয়টি জানতে পেরে তা উদ্ধার করার জন্য নোটিশ দিয়েছি। নিজ উদ্যোগে অবৈধ স্থাপনা অপসারণের জন্য ১৫ দিন সময় দেওয়া হয়েছে। এর মধ্যে নোটিশ পাওয়ার পর অবৈধভাবে রেলের জলাশয় থেকে মাছ লুট করার বিষয়টি জানতে পেরেছি। আরেকটু খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মামুনুল ইসলাম পিইঞ্জ বলেন, “জোড় ডেবা দখলের বিষয়টি সম্প্রতি জানতে পেরেছি। এ বিষয়ে চিফ এস্টেট অফিসার ও ডিভিশনাল এস্টেট অফিসারের সঙ্গে কথা বলেছি। এলাকার লোকগুলো খুব উচ্ছৃঙ্খল। এর আগেও অভিযানে গিয়ে ফেরত আসতে হয়েছে। এবার প্রয়োজন অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসংখ্যা বাড়ানো হবে।”
প্রতিনিধি/আরএইচ