এক শতাব্দীরও বেশি সময় ধরে শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে কুমিল্লার বরুড়া উপজেলার ঐতিহ্যবাহী হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়ের সংরক্ষিত নথিপত্র অনুযায়ী প্রতিষ্ঠানটির যাত্রা ১৯১০ সালে শুরু হলেও, বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) পরিচালিত সরকারি তথ্যভান্ডারে এর প্রতিষ্ঠাকাল ১৯৬৮ সাল উল্লেখ রয়েছে। এই অসংগতির কারণে সৃষ্ট বিভ্রান্তি দূর করতে প্রকৃত প্রতিষ্ঠাকাল নির্ধারণ ও তথ্য সংশোধনের দাবিতে ব্যানবেইসের মহাপরিচালক বরাবর আবেদন করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে শতবর্ষী এই প্রতিষ্ঠানটিকে জাতীয়করণেরও দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বিদ্যালয়ের সংরক্ষিত পুরোনো নথিপত্র অনুযায়ী, ১৯১০ সালে ‘বরুড়া-কাসেড্ডা জুনিয়র হাই স্কুল’ নামে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। পরবর্তীতে ১৯৫৭ সালে নবম শ্রেণি খোলার অনুমতি পাওয়ার পর ১৯৬৭ সালে নাম পরিবর্তন করে রাখা হয় ‘বরুড়া হাজী নোয়াব আলী ইনস্টিটিউট’। এরপর ১৯৬৯ সালের ২০ মার্চ এটি ‘হাজী নোয়াব আলী হাই স্কুল’ নামে চূড়ান্ত অনুমোদন লাভ করে। দীর্ঘ পথপরিক্রমায় বর্তমানে এটি ‘বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়’ নামে পরিচিত।
বিদ্যালয় কর্তৃপক্ষের ধারণা, মাধ্যমিক পর্যায়ের কার্যক্রম সম্প্রসারণ বা পরবর্তী সময়ে প্রশাসনিক তথ্য হালনাগাদের কোনো একপর্যায়ে এই অসংগতি তৈরি হয়ে থাকতে পারে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেধাদ উদ্দিন বলেন, আমাদের বিদ্যালয়ের সংরক্ষিত নথিপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র অনুযায়ী ১৯১০ সাল থেকেই প্রতিষ্ঠানের ইতিহাস ও শিক্ষা কার্যক্রমের ধারাবাহিকতার প্রমাণ রয়েছে। কিন্তু ব্যানবেইসের তথ্যভান্ডারে ভুলবশত ১৯৬৮ সাল উল্লেখ করা হয়েছে। তাই প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে প্রকৃত প্রতিষ্ঠাকাল সংশোধনের জন্য মহাপরিচালক বরাবর আবেদন করেছি।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাজী আমির আলী বলেন, আমাদের কাছে ১৯১০ সাল থেকে প্রতিষ্ঠানের ইতিহাসের নথিপত্র রয়েছে। সেগুলো যাচাই করলেই প্রতিষ্ঠার প্রকৃত ইতিহাস উঠে আসবে। আমরা চাই, পুরোনো নথিপত্র যাচাই করে সরকারি তথ্যভান্ডারে প্রকৃত প্রতিষ্ঠাকাল সংশোধন করা হোক।
শতবর্ষী ঐতিহ্য বিবেচনা করে বিদ্যালয়টি জাতীয়করণের দাবি জানিয়ে তিনি বলেন, জাতীয়করণ করা হলে এলাকার শিক্ষার্থীরা কম খরচে শিক্ষার সুযোগ পাবে। শুধু এ বিদ্যালয় নয়, বরুড়া উপজেলার অন্যান্য শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানকেও যাচাই করে জাতীয়করণের আওতায় আনার দাবি জানাই।
এদিকে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরাও প্রতিষ্ঠাকাল সংশোধনের পাশাপাশি জাতীয়করণের উদ্যোগ নেওয়ার জোর দাবি জানিয়েছেন। প্রাক্তন শিক্ষার্থী সৈয়দ রেজাউল হক রেজু বলেন, নথিপত্র অনুযায়ী আমাদের বিদ্যালয়টি ১৯১০ সালে প্রতিষ্ঠিত। একজন প্রাক্তন শিক্ষার্থী হিসেবে চাই, বিদ্যালয়ের প্রকৃত প্রতিষ্ঠাকাল সরকারি তথ্যভান্ডারে সংশোধন করা হোক। পাশাপাশি জাতীয়করণের উদ্যোগ নেওয়া হলে এলাকার শিক্ষার্থীরা উপকৃত হবে।
সংশ্লিষ্টদের মতে, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাকাল কেবল একটি সাল নয়; এর সঙ্গে জড়িয়ে থাকে প্রতিষ্ঠানের ইতিহাস, ঐতিহ্য ও প্রজন্মের পর প্রজন্মের স্মৃতি। তাই বিদ্যালয়ের সংরক্ষিত নথিপত্র যথাযথভাবে যাচাই করে ব্যানবেইসের তথ্যভান্ডারে প্রতিষ্ঠাকাল সংশোধনের পাশাপাশি জাতীয়করণের দাবিটিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বলে প্রত্যাশা তাদের।
প্রতিনিধি/একে