নিরাপত্তাশঙ্কায় টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথ সীমিত করেছে রেল কর্তৃপক্ষ। এখন থেকে ট্রেনটি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও গোবরা স্টেশন পর্যন্ত না গিয়ে কালুখালী স্টেশন পর্যন্ত চলাচল করবে। সেখান থেকে বিরতিকালীন সময়ে ট্রেনটি রাজবাড়ী রেলওয়ে জংশন স্টেশনে এনে রাখা হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
বৃহস্পতিবার দুপুরে পাকশী বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) হাসিনা খাতুন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, পশ্চিমাঞ্চল রেলওয়ের নির্দেশনা অনুযায়ী পরিস্থিতি বিবেচনায় ও নিরাপত্তাজনিত কারণে অনির্দিষ্টকালের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পাকশী বিভাগীয় রেলওয়ে দপ্তর সূত্রে জানা যায়, আগে রাজশাহী থেকে ঈশ্বরদী রেলওয়ে জংশন হয়ে টুঙ্গিপাড়া ও গোবরা পর্যন্ত চলাচল করত টুঙ্গিপাড়া এক্সপ্রেস। রাজশাহী থেকে ছেড়ে গোবরা পর্যন্ত যাওয়ার পর বিরতিকালীন সময়ে ট্রেনটি টুঙ্গিপাড়া স্টেশনে রাখা হতো।
কিন্তু গোপালগঞ্জের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার মধ্যে ট্রেনটিতে নাশকতার আশঙ্কা তৈরি হওয়ায় এর যাত্রাপথ সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন ট্রেনটি কালুখালী পর্যন্ত চলাচল করবে। সেখান থেকে বিরতির সময় রাজবাড়ী রেলওয়ে জংশন স্টেশনে এনে রাখা হবে।
এ সিদ্ধান্তের কারণে টুঙ্গিপাড়া ও কালুখালী এলাকার যাত্রীরা ঈশ্বরদী ও রাজশাহীসহ উত্তরাঞ্চলের বিভিন্ন গন্তব্যে যাতায়াতে ভোগান্তিতে পড়েছেন। ট্রেনের যাত্রী দুর্জয় ইসলাম লিমন বলেন, রাজশাহী ও উত্তরাঞ্চলের যাত্রীরা এখন টুঙ্গিপাড়া বা গোবরা এলাকায় ট্রেনে যেতে পারছেন না। তাদের কালুখালী গিয়ে সেখান থেকে সড়কপথে গন্তব্যে যেতে হচ্ছে।
পাকশী বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা হাসিনা খাতুন বলেন, পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তাজনিত কারণে অনির্দিষ্টকালের জন্য টুঙ্গিপাড়া এক্সপ্রেসকে টুঙ্গিপাড়া পর্যন্ত না নিয়ে কালুখালী পর্যন্ত চালানোর সিদ্ধান্ত হয়েছে। কালুখালী থেকে ট্রেনটি বিরতির সময় রাজবাড়ী রেলওয়ে জংশন স্টেশনে রাখা হচ্ছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এভাবেই ট্রেন চলাচল করবে।
দেশবার্তা/এমআর