ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে শ্রমিক অসন্তোষের জেরে আবারও সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে বিক্ষোভ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে আশুলিয়ার জিরাবো পুকুরপাড় এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে পুলিশের দুটি গাড়ি। এ ঘটনার পর সাভার ও আশুলিয়ার ৬৫টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে জিরাবো পুকুরপাড় এলাকার একটি পোশাক কারখানার সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, কয়েক দিন বন্ধ থাকার পর গত দুই দিন ধরে ওই পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম চলছিল। বৃহস্পতিবার সকালে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কারখানায় প্রবেশ করলেও কাজে যোগ দেননি। পরে কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে। তবে ছুটি ঘোষণার পরও শ্রমিকরা কারখানার ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন।
একপর্যায়ে শ্রমিকেরা কারখানা থেকে বেরিয়ে আশপাশের কারখানাগুলোতে ইটপাটকেল নিক্ষেপ করেন এবং সেসব কারখানার শ্রমিকদেরও বের করে আনার চেষ্টা করেন। ভাঙচুর ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকার কারখানাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
খবর পেয়ে পুলিশ, বিজিবি ও ঢাকা জেলা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গেলে শ্রমিকেরা তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। একপর্যায়ে সাধারণ শ্রমিকেরা ঘটনাস্থল ছেড়ে চলে গেলেও কয়েকজন বিক্ষোভকারী পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করেন। এ ঘটনায় একজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হলে শ্রমিকরা বের হয়ে সড়কে জড়ো হন। তাদের সড়ক থেকে সরে যেতে বললে একপর্যায়ে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, ওই কারখানার শ্রমিকরা কাজে যোগ না দেওয়ায় কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে। এরপরও তারা কারখানার ভেতরে অবস্থান করছিলেন। পুলিশ ঘটনাস্থলে গেলে ওপর থেকে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।
তিনি আরও বলেন, সংঘর্ষে অন্তর, জুয়েল ও শফিকুল নামের তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। অন্য একজনের হাত কেটে যাওয়ায় তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশের দুটি গাড়িও ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। সাভার ও আশুলিয়ার মোট ৬৫টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।
এ ছাড়া শ্রমিক অসন্তোষের ঘটনায় গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে আজ ভোররাত পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম।
দেশবার্তা/এমআর