বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ফরিদপুর-১ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ড. মো. ইলিয়াস মোল্লা বলেছেন, ‘জুলাই চেতনার বাস্তবায়ন না হলে শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করা হবে।’
সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যা ৭টায় বোয়ালমারী প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি এডভোকেট কুরবান আলী।
প্রধান অতিথির বক্তব্যে ড. ইলিয়াস মোল্লা বলেন, জামায়াতে ইসলামী বাংলাদেশকে সত্যিকারের মানবিক ও জনকল্যাণমুখী রাষ্ট্রে রূপান্তরিত করতে চায়, যেখানে জাতি-ধর্ম-বর্ণ-শ্রেণি নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত হবে। তিনি অভিযোগ করে বলেন, অতীতের শাসকরা দেশের কিছু ভৌত উন্নয়ন করলেও মৌল কাঠামোর পরিবর্তন করতে ব্যর্থ হয়েছে। ফলে রাষ্ট্র কাঠামোয় শাসক বদল হলেও জাতির মনোবৃত্তির পরিবর্তন হয়নি।
তিনি আরও বলেন, আজ যারা বোমা ফাটিয়ে মানুষ হত্যা করেছে, তারাই আবার মানবতাবাদী সেজে উপদেশ দিচ্ছে। অথচ আল্লাহর বিধান এড়িয়ে যাওয়াতেই সমাজে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠিত হয় না। যারা আল্লাহকে ভয় করে সমাজে ন্যায় প্রতিষ্ঠা করতে চান, তাদের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে হবে।
সাংবাদিকদের দায়িত্বের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, যে চেতনার ভিত্তিতে গণঅভ্যুত্থান হয়েছিল, অনেকেই এখন তা থেকে সরে যাচ্ছে। একমাত্র জামায়াতে ইসলামই অভ্যুত্থানের চেতনার পূর্ণ বাস্তবায়ন চায়। তাই সব কিছুর আগে আমাদের সংস্কার প্রয়োজন।
সভায় উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমীর মাওলানা নিয়ামুল হাসান, উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা শহিদুল ইসলাম, পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা সাজ্জাদ হোসাইন, প্রেসক্লাব সহ-সভাপতি কাজী আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন, কার্যনির্বাহী সদস্য কাজী হাসান ফিরোজ, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন খান, কোষাধ্যক্ষ মো. জাকির হোসেন, প্রচার সম্পাদক এম এম জামান, সদস্য আমীর চারু বাবলু, দীপঙ্কর পোদ্দার অপু, আল মামুন রনি প্রমুখ।