লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমেদ বলেছেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে শিবির জিতেছে মানেই জামায়াত জাতীয় নির্বাচনে জিতবে—এর কোনো কারণ নেই।”
রোববার (১৪ সেপ্টেম্বর) বিকালে কুমিল্লার চান্দিনা উপজেলার শুহিলপুর ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ডাকসু নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, শিবির একার ভোটে বিজয়ী হয়নি, বরং বিভিন্ন দলের ও সংগঠনের ছাত্রদের ভোটে তারা জিতেছে। তাই ডাকসু নির্বাচন ও জাতীয় নির্বাচনকে এক কাতারে ফেলা যাবে না।
আগামী ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, যুগপৎ আন্দোলনের শরিক দল নিয়ে বিএনপি নির্বাচনে অংশ নেবে এবং বিজয়ী হয়ে সরকার গঠন করবে।
তিনি দাবি করেন, বিশ্বের অনেক দেশ বিএনপিকে সরিয়ে দিতে চাইছে, কিন্তু এত দ্রুত তা সম্ভব নয়। বিএনপি অন্তত ১৫ বছর ক্ষমতায় থাকবে।
ড. রেদোয়ান আরও বলেন, “ভারত বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে। শেখ হাসিনাকে দীর্ঘদিন ভোট ছাড়া ক্ষমতায় রেখেছে। দেশের মানুষ ভোট দিয়ে তাকে ক্ষমতায় বসায়নি।”
শুহিলপুর ইউনিয়ন এলডিপির সভাপতি মো. তৌহিদুল ইসলাম ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা এলডিপি সভাপতি একেএম সামছুল হক মাস্টার, কেন্দ্রীয় এলডিপি উপদেষ্টা অধ্যক্ষ আবুল কাশেম, উপজেলা এলডিপি সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের এবং সাংগঠনিক সম্পাদক শাহজাহান সিরাজ চেয়ারম্যান।
এছাড়া বক্তব্য রাখেন উপজেলা এলডিপি সদস্য ও শুহিলপুর ইউপি চেয়ারম্যান আবু বকর, ইউনিয়ন এলডিপি সাধারণ সম্পাদক তারেক পাশা, ইউনিয়ন গণতান্ত্রিক যুবদল সাধারণ সম্পাদক মো. হান্নান ও ইউনিয়ন এলডিপি সদস্য কাউছার আহমেদ প্রমুখ।