চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সীমান্তে ১৪০.৫৩ গ্রাম ওজনের একটি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।
বুধবার (২৩ অক্টোবর) বিকেলে চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসানের নির্দেশে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত দিয়ে স্বর্ণ চোরাচালানের খবর পেয়ে বিজিবির একটি সশস্ত্র চৌকস দল সীমান্ত পিলার ৯৩/৩-আর হতে প্রায় ১২০০ গজ বাংলাদেশের ভেতরে কুতুবপুর পাকা রাস্তার পাশে এ্যাম্বুশ করে। পরে বিকেল ৬টা ৪০ মিনিটের দিকে একটি মোটরসাইকেলযোগে সন্দেহভাজন একজনকে সীমান্তের দিকে যেতে দেখে বিজিবি সদস্যরা তাকে থামার সংকেত দেন। কিন্তু তিনি পালানোর চেষ্টা করলে ধাওয়া করে আটক করা হয়।
আটককৃত আসমি হলেন হাসেম বিশ্বাস (৪৮)। তিনি দামুড়হুদা উপজেলার মুন্সিপুর গ্রামের মৃত জসিম বিশ্বাসের ছেলে। তল্লাশীকালে তার লুঙ্গির কোচরে সাদা স্কচটেপে মোড়ানো একটি প্যাকেট থেকে ১৪০.৫৩ গ্রাম ওজনের একটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছাড়া তার ব্যবহৃত একটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
বিজিবির হিসাব অনুযায়ী জব্দকৃত স্বর্ণ, মোটরসাইকেল ও মোবাইল ফোনের আনুমানিক মূল্য ২৬ লাখ ৮৩ হাজার ৫১৭ টাকা। এ ঘটনায় সুবেদার মোঃ হাবিবুর রহমান বাদী হয়ে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছেন। আটককৃত আসামি ও জব্দকৃত মালামাল থানায় হস্তান্তর করা হয়েছে।
উদ্ধারকৃত স্বর্ণের বারটি চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।