জুম্ম জাতির অধিকার ও আত্মনিয়ন্ত্রণ সংগ্রামের অগ্রদূত মানবেন্দ্র নারায়ণ লারমা (এমএন লারমা)-এর ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়িতে বিভিন্ন সংগঠনের উদ্যোগে পুষ্পমাল্য অর্পণ, প্রভাতফেরি, স্মরণসভা ও নানাবিধ কর্মসূচির মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) সকালে সূর্যশিখা ক্লাব থেকে প্রভাতফেরি নিয়ে চেঙ্গী স্কয়ারে যান জেএসএস (এমএন লারমা), ইউপিডিএফ গণতান্ত্রিক, পিসিপি, হিল উইমেন্স ফেডারেশন, সুশীল সমাজসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও শিক্ষার্থীরা। সেখানে এমএন লারমার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে তার প্রতি সম্মান জানিয়ে শুরু হয় স্মরণসভা।
বক্তারা বলেন, মানবেন্দ্র নারায়ণ লারমা ছিলেন পাহাড়ের জুম্ম জনতার মুক্তির প্রতীক ও শান্তির স্বপ্নদ্রষ্টা। পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিনের বৈষম্য, দমন-পীড়ন ও সংঘাতের বিরুদ্ধে তিনি রাজনৈতিক ও গণআন্দোলনের মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজেছিলেন। কিন্তু নানা চক্রান্তে তিনি নির্মমভাবে হত্যার শিকার হন, যা পাহাড়ি জনগণের মুক্তির সংগ্রামকে পিছিয়ে দেয় বলে মন্তব্য করেন বক্তারা।
তারা আরও বলেন, বর্তমানে পার্বত্য অঞ্চলের শিক্ষা ব্যবস্থা, উন্নয়ন ও সামাজিক জীবনের নানা ক্ষেত্রে জুম্ম জনগোষ্ঠীর অগ্রগতির পথে বাধা তৈরি হচ্ছে। বক্তারা আত্মনিয়ন্ত্রণ অধিকারের প্রশ্নে শহিদদের আত্মত্যাগকে স্মরণ করে সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেএসএস (এমএন লারমা) এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুধাকর ত্রিপুরা, উপদেষ্টা উদয় কিরণ ত্রিপুরা, জেলা সংগঠনিক সম্পাদক প্রত্যয় চাকমা জুকি, সদর থানা কমিটির সভাপতি সুনীল চাকমা, যুব সমিতির কেন্দ্রীয় সভাপতি জ্ঞান চাকমা, পিসিপির কেন্দ্রীয় সভাপতি সুজন চাকমা ঝিমিট, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় আহ্বায়ক মায়া চৌধুরীসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী।
এ ছাড়া ইউপিডিএফ গণতান্ত্রিকের কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি উত্তরণ চাকমা, পিসিপির কেন্দ্রীয় সভাপতি দীপন চাকমা, সুশীল সমাজ প্রতিনিধি ও বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা প্রভাতফেরিতে অংশ নেন এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
অন্যদিকে সকালে তেঁতুলতলায় জেএসএস কেন্দ্রীয় কার্যালয়ে খাগড়াছড়ি সদর থানা কমিটির উদ্যোগে শোক প্রস্তাব পাঠ ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সুনীল চাকমা এবং প্রধান অতিথি ছিলেন সুধাকর ত্রিপুরা। অনুষ্ঠানে জেএসএস কেন্দ্রীয় কমিটির সদস্য প্রীতিময় চাকমা (যুগল), জুম্ম শরনার্থী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সন্তোষিত চাকমা, সুশীল সমাজ প্রতিনিধি রবি শংকর তালুকদারসহ অনেকে বক্তব্য রাখেন।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলন ও ফানুস উড়ানোর কর্মসূচি পালন করবে জেএসএস (এমএন লারমা)। খাগড়াছড়ির পাশাপাশি মাটিরাঙা, মহালছড়ি, পানছড়ি ও অন্যান্য উপজেলাতেও দিনটি যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।
প্রতিনিধি/একে