লালমনিরহাট ডিসি অফিসে সম্প্রতি অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলার হরিজন (সুইপার) সম্প্রদায়ের সদস্যরা।
শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে লালমনিরহাট রেলস্টেশনের পূর্ব ও পশ্চিম পাশের দুটি সুইপার কলোনীর শতাধিক মানুষ ব্যানার ও ঝাড়ু হাতে মিছিল নিয়ে ডিসি অফিস চত্বরে সমবেত হয়ে এ কর্মসূচি পালন করেন। পরে 'বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ' ও ‘হরিজন অধিকার আদায় সংগঠন’ জেলা শাখার ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন নেতারা।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংস্থাপন শাখা গত ১৩ এপ্রিল ৭টি পদের বিপরীতে ৩৯ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে। শুক্রবার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং রোববার (৭ ডিসেম্বর) রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বক্তারা অভিযোগ করে আরও বলেন, পরিচ্ছন্নকর্মী পদে শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমান চাওয়া হলেও প্রশ্নপত্র অত্যন্ত কঠিন ও অপ্রাসঙ্গিক করা হয়েছে, যা ইচ্ছে করেই তাদের বাদ দেওয়ার কৌশল। তারা বলেন, নিয়োগে বৈষম্য হলে আমরা জেলা প্রশাসকের সামনে মল নিক্ষেপসহ কঠোর কর্মসূচির ঘোষণা দিতে বাধ্য হবো।
এ বিষয়ে জেলা প্রশাসক এ এইচ এম রকিব হায়দার বলেন, সকল প্রার্থীকে বিবেচনায় নিয়েই প্রশ্নপত্র প্রণয়ন করা হয়েছে। অভিযোগকারীদের দাবির কোনো ভিত্তি নেই। পরীক্ষায় কেউ ফেল করলে আন্দোলন করলেই তো পরীক্ষা বাতিল করা যায় না।