সাতক্ষীরার কালিগঞ্জে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে তানজিম হাসান নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) দিনগত রাত ২টার দিকে উপজেলার সাহাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তানজিম ওই গ্রামের মোশাররফ ঢালীর ছেলে।
শিশুটির বাবা মোশাররফ ঢালী জানান, সোমবার রাতে তানজিম মা-বাবার সঙ্গে ঘুমিয়ে ছিল। রাত ২টার দিকে তাকে সাপে কামড় দিলে সে আর্তচিৎকার করে কাঁদতে শুরু করে। এতে তাদের ঘুম ভেঙে যায়। পরে শিশুটির শরীরে সাপের কামড়ের চিহ্ন দেখতে পান তারা। বিছানার পাশে একটি বিষধর কালাচ সাপও দেখতে পান।
নিহত শিশুটির চাচা মোস্তফা ঢালী জানান, প্রথমে তাকে স্থানীয় এক কবিরাজের কাছে নেওয়ার চেষ্টা করা হয়। তবে কবিরাজকে বাড়িতে না পেয়ে এবং শিশুটির শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে দ্রুত তাকে নিকটবর্তী শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাকির হোসেন জানান, শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। স্বাস্থ্যকেন্দ্রে আনতেও দেরি হয়েছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিক সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তিনি বলেন, বিষধর সাপের কামড়ের ক্ষেত্রে প্রাথমিক কিছু পদক্ষেপ বাসা থেকে নেওয়া যেতে পারে। তবে অবশ্যই বিলম্ব না করে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাপের কামড়ের পর যথাসময়ে চিকিৎসার ব্যবস্থা না হওয়া বা চিকিৎসায় বিলম্বের কারণেই শিশুটির মৃত্যু হয়ে থাকতে পারে।
পরিবারের বরাত দিয়ে ওসি শাহিনুর রহমান জানান, শিশুটিকে প্রথমে কবিরাজের কাছে নেওয়ার চেষ্টা করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখান থেকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। এরপর সেখানে নেওয়ার পথে আশাশুনি উপজেলার বুধহাটা এলাকায় বুধবার ভোরে শিশুটির মৃত্যু হয়। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।
প্রতিনিধি/আরএইচ