ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় নিউমার্কেটের কাছে একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন বাংলাদেশি নাগরিক প্রাণ হারিয়েছেন।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কলকাতার মির্জা গালিব স্ট্রিটের ওই হোটেলে আজ ভোরে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে যোগাযোগ করে হতাহতদের তথ্য সংগ্রহ করেন।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভয়াবহ এই দুর্ঘটনায় এখন পর্যন্ত মোট ৯ জন নিহত হয়েছেন। স্থানীয় পুলিশ নিশ্চিত করেছে যে মৃতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি নাগরিক। তবে পুলিশ এখনো তাঁদের পরিচয় প্রকাশ্যে আনেনি।
উপহাইকমিশন সূত্রে জানা গেছে, নিহত বাংলাদেশিদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়েছে। তাঁদের মধ্যে চারজনই একই পরিবারের সদস্য বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। অন্য নিহতদের পরিচয় যাচাইয়ের চেষ্টা চলছে। এছাড়া অগ্নিকাণ্ডে আহত আরও ছয়জন বাংলাদেশিকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
আহত ও নিহত বাংলাদেশিদের বিষয়ে প্রয়োজনীয় সহায়তা দিতে উপহাইকমিশনের একটি দল স্থানীয় হাসপাতাল ও পুলিশের সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় রক্ষা করছে। একই সঙ্গে উদ্ভূত পরিস্থিতিতে হটলাইন সুবিধা চালুর জন্য একটি বিশেষ হেল্পলাইন খোলা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় ও কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন উভয়ই সংশ্লিষ্ট ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক নিবিড় যোগাযোগ বজায় রাখছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
দেশবার্তা/একে