চট্টগ্রামের সীতাকুণ্ডে পরিবেশগত ছাড়পত্রের মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে জাহাজ কাটার কাজ চালিয়ে যাওয়ার দায়ে ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজকে ৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে ছাড়পত্র নবায়ন না হওয়া পর্যন্ত ইয়ার্ডটিতে জাহাজ কাটার সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক শুনানিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক জমির উদ্দিন বলেন, পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আগামী সাত কর্মদিবসের মধ্যে এ অর্থ সরকারি কোষাগারে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, গত ১২ আগস্ট ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজের পরিবেশগত ছাড়পত্রের মেয়াদ শেষ হয়। কিন্তু ছাড়পত্র নবায়ন ছাড়াই প্রতিষ্ঠানটি তাদের ইয়ার্ডে ‘এমটি রাসি’ নামের একটি পুরোনো জাহাজ কাটার কাজ চালিয়ে যায়।
এরপর ১৪ আগস্ট ওই জাহাজে কাজ করার সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ৯ শ্রমিকের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর পরিবেশ অধিদপ্তরের বিশেষ তদন্ত দল শিপইয়ার্ডটি পরিদর্শন করে। তদন্ত প্রতিবেদনে অনিয়মের প্রমাণ পাওয়ায় ইয়ার্ড কর্তৃপক্ষকে শুনানিতে তলব করা হয়।
শুনানি শেষে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে এনভায়রনমেন্টাল ড্যামেজ অ্যাসেসমেন্ট পদ্ধতিতে জরিমানা নির্ধারণ করা হয়।
প্রতিনিধি/আরএইচ