জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি।
তিনি জানান, গত ৬ মাসে ১৯ থেকে ২০টি বিশ্ববিদ্যালয়ে দলীয় ভিসি নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া ১১টি সিটি করপোরেশন এবং ৬৩টি জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে দলীয় লোকদের, যা মনোনয়নবঞ্চিত ও নির্বাচনে হেরে যাওয়া প্রার্থীদের পুনর্বাসন কেন্দ্রে পরিণত হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি সরকারের ১৮০ দিনের ব্যর্থতার চিত্র তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, সরকার ক্ষমতা গ্রহণের পরই ভয়াবহ জ্বালানি তেল সংকট শুরু হয়েছিল এবং সে সময় জ্বালানি তেলের দাম রেকর্ড পরিমাণ বাড়ানো হয়। এর প্রভাবে গণপরিবহন, সেচ ও সারসহ সব খাতে সংকট তৈরি হয়েছে। বর্তমানে গ্যাস চাহিদার ৪৩ শতাংশ ঘাটতি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ঢাকা শহরে চুলা জ্বলছে না এবং শিল্প কারখানার উৎপাদন কমে গেছে।
তিনি আরও বলেন, গ্যাস সংকটের কারণে বিভিন্ন ক্রয়াদেশ হাতছাড়া হয়ে যাচ্ছে। ক্ষমতাগ্রহণের দুই বছর বিদ্যুতের দাম না বাড়ানোর অঙ্গীকার করলেও সরকার মাত্র দুই মাসের মাথায় তা বাড়িয়েছে। বর্তমানে লোডশেডিং, ভূতুড়ে বিল ও ক্যাপাসিটি চার্জের বোঝা অব্যাহত রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের গঠিত জাতীয় কমিটির সুপারিশ না মেনে বর্তমানে যেকোনো সংকট দেখা দিলে তা পূর্ববর্তী ফ্যাসিস্ট কিংবা অন্তর্বর্তী সরকারের ওপর দায় চাপানো হচ্ছে। অথচ এর চেয়েও খারাপ পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছিল।
কৃষি ও অন্যান্য খাতের চিত্র তুলে ধরে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, কৃষকরা বেশি দামে সার কিনতে বাধ্য হচ্ছেন এবং ঋণ প্রবৃদ্ধি বাড়ছে। স্বাস্থ্যখাতে হাম মহামারির দায় অন্তর্বর্তী সরকারের ওপর চাপানো হলেও সংকট এখনো কাটেনি এবং কোনো বিশেষায়িত হাসপাতাল গঠন করা হয়নি। একই সঙ্গে শিক্ষাঙ্গন দখল এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিরোধী মতাদর্শের ওপর হামলা হলেও কোনো বিচার করা হয়নি।
সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম অভিযোগ করেন, গত ৬ মাসে দেশে ৮৩০টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে, যার মধ্যে ৬৭০টি বিএনপি ঘটিয়েছে।
এ সময় দেশের বিভিন্ন স্থানে এনসিপির নেতাকর্মীরাও হামলার শিকার হয়েছেন দাবি করে তিনি বলেন, সরকার গণভোটের রায়কে প্রত্যাখ্যান করে জনগণের সঙ্গে প্রতারণা করেছে।
দেশবার্তা/একে