আগামী বছরের (২০২৭) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার সূচি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ১৪ মার্চ থেকে পরীক্ষা শুরু হবে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে, যা চলবে ১৫ এপ্রিল পর্যন্ত।
সোমবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি পরীক্ষার এই সূচি অনুমোদন করার পর তা ঢাকা শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। সূচি অনুযায়ী, আগামী ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত এসএসসির ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে।
পরীক্ষা পরিচালনাসংক্রান্ত নির্দেশনায় জানানো হয়েছে, পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রের নির্ধারিত আসনে প্রবেশ করতে হবে। পরীক্ষা শুরুর সাত দিন আগে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।
শিক্ষা বোর্ড জানিয়েছে, কেন্দ্র সচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি বা পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন সঙ্গে আনতে পারবেন না। তবে পরীক্ষার্থীরা সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন।
এর আগে গত ১৪ মে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ৭ জানুয়ারি পরীক্ষা শুরুর একটি প্রস্তাবিত সূচি ঘোষণা করেছিলেন। সিদ্ধান্তটি নিয়ে শিক্ষাবিদ, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়। পরবর্তীতে ২ জুন সচিবালয়ে সাংবাদিকদের শিক্ষামন্ত্রী জানান, অংশীজনদের দাবির মুখে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হতে পারে। তার ধারাবাহিকতায় রমজান ও ঈদুল ফিতর বিবেচনায় নিয়ে পরীক্ষা পিছিয়ে ১৪ মার্চ নির্ধারণ করা হলো।
চলতি বছরের পরীক্ষার্থীরা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত আওয়ামী লীগ সরকারের তৈরি নতুন শিক্ষাক্রমে এবং নবম-দশম শ্রেণিতে ২০১০ সালের পরিমার্জিত শিক্ষাক্রমে পড়াশোনা করেছেন। অন্তর্বর্তী সরকারের সময়ে নবম শ্রেণির পাঠ্যবই বিলম্বে হাতে পাওয়ায় তাদের প্রস্তুতিতে কিছুটা বিলম্ব হয়, যার ফলে এপ্রিলে পরীক্ষার জন্য তৈরি হচ্ছিলেন তারা। এই বাস্তবতায় হঠাৎ পরীক্ষা জানুয়ারিতে এগিয়ে আনার ঘোষণায় অসন্তোষ দেখা দিয়েছিল।
ঐতিহ্যগতভাবে দেশে প্রতি বছর ফেব্রুয়ারি মাসে এসএসসি এবং এপ্রিল মাসে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছিল। তবে কোভিড মহামারি এবং পরবর্তীতে জুলাই গণঅভ্যুত্থানের ফলে শিক্ষাপঞ্জিতে বড় ধরনের ব্যাঘাত ঘটে। এর প্রভাবে চলতি বছর এপ্রিলে এসএসসি এবং জুলাইয়ে এইচএসসি পরীক্ষা নেওয়া হয়েছিল।
দেশবার্তা/একে