সমকামিতার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের দুই আবাসিক শিক্ষার্থীর সিট স্থায়ীভাবে বাতিল করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) পৃথক দুটি নোটিশ জারি করে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের সিট বাতিলের বিষয়টি নিশ্চিত করেছে হল কর্তৃপক্ষ।
এর আগে মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্ট দিয়ে বিষয়টি জানান হল সংসদের সাধারণ সম্পাদক আহমেদ আল সাবাহ।
তিনি লেখেন, হলের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের দুই আবাসিক শিক্ষার্থীর বিরুদ্ধে গুরুতর সামাজিক শৃঙ্খলাভঙ্গের (সমকামিতা) প্রমাণিত অপরাধের ভিত্তিতে কঠোরতম প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অপরাধের গুরুত্ব বিবেচনায় উভয়কে হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
এর আগে, অনুরূপ অভিযোগে গত ৩০ জুলাই বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হলের এক শিক্ষার্থীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরবর্তীতে ওই শিক্ষার্থীকেও হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করে প্রশাসন।
এছাড়া সম্প্রতি ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হলে এক নেতার কক্ষে অবস্থানরত দুই অতিথির বিরুদ্ধে একই অভিযোগ উঠলে দায়িত্বে থাকা ওই নেতার আবাসিক সিট সাময়িকভাবে বাতিল করে হল কর্তৃপক্ষ।
দেশবার্তা/একে