দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৩ জনে। একই সময়ে মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৭২৩ জন।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টার হিসাবে এসব রোগী ভর্তি ও মৃত্যুর ঘটনা ঘটে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন আক্রান্তদের নিয়ে চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৫৫০ জনে।
অপরদিকে, শেষ ২৪ ঘণ্টায় ৭১২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে সারাদেশে চিকিৎসা শেষে মোট ১৯ হাজার ৮৯৪ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেন।
বিভাগভিত্তিক পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ ৩২০ জন রোগী ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকা বিভাগের বাইরে বরিশাল বিভাগে ১০১, খুলনা বিভাগে ৯৮, চট্টগ্রাম বিভাগে ৮৩, রাজশাহী বিভাগে ৬৩ এবং ময়মনসিংহ বিভাগে ৪৫ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের মাসভিত্তিক ডেঙ্গু রোগীর তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, এ বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ২ জন করে, মে মাসে ১ জন, জুন মাসে ১৩ জন এবং জুলাই মাসে ৩৬ জনের মৃত্যু হয়েছে। আর চলতি আগস্ট মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৯ জন।
দেশবার্তা/একে