ভারতের উত্তরপ্রদেশ সরকার প্রথমবারের মতো সরকারি উদ্যোগে গোমূত্র কেনা শুরু করেছে। রাজ্যটির বুলান্দশহর জেলায় পাইলট প্রজেক্ট হিসেবে এ কার্যক্রম চালু করা হয়েছে। বর্তমানে প্রতি লিটার গোমূত্র ১০ রুপিতে কেনা হলেও প্রকল্পটি সফল হলে তা রাজ্যজুড়ে সম্প্রসারণ করা হবে। ভবিষ্যতে লিটারপ্রতি দর ২০ রুপি নির্ধারণের পরিকল্পনা রয়েছে সরকারের।
বুধবার এক প্রতিবেদনে ভারতের একাধিক সংবাদমাধ্যম তথ্যটি নিশ্চিত করেছে।
মূলত যেসব গরু দুধ দেওয়া বন্ধ করে দিয়েছে, সেগুলোকে যেন খামারিরা ছেড়ে না দেন- সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। গৃহপালিত এসব পশু যেন খাবারের কষ্টে না ভোগে, সে বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার মনে করছে, বিক্রির সুযোগ থাকলে প্রান্তিক কৃষক ও খামারিরা এসব গরুকে অবহেলায় ফেলে না রেখে নিজ ঘরেই লালন-পালন করবেন।
একই সঙ্গে এই প্রকল্পের মাধ্যমে গ্রামের সাধারণ নারীদের জন্য বিকল্প ও অতিরিক্ত আয়ের সুযোগ তৈরি হবে বলেও আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ভারতীয় সংবাদমাধ্যম এবিপি জানিয়েছে, আপাতত ১৫টি গ্রামে এ সংগ্রহ কার্যক্রম চালু রয়েছে। প্রতি সকালে কৃষক ও খামারিদের কাছ থেকে সংগ্রহ করে ২০০ লিটার ধারণক্ষমতাসম্পন্ন স্থানীয় বিশেষ ট্যাংকে গোমূত্র জমা রাখা হচ্ছে। বর্তমানে প্রতিদিন গড়ে ৫০০ লিটার গোমূত্র সংগ্রহ করছে রাজ্য সরকার।
কর্মকর্তারা জানিয়েছেন, সংগৃহীত এসব গোমূত্র মূলত কৃষিকাজে জৈব উপাদান হিসেবে ব্যবহার করা হবে। তাদের ধারণা, গোমূত্রের ব্যবহারে ফসলি জমিতে ক্ষতিকর রাসায়নিক সারের ওপর নির্ভরশীলতা অনেকটাই কমে আসবে।
তবে যোগী আদিত্যনাথ সরকারের এই পাইলট প্রজেক্টের কড়া সমালোচনা করেছে রাজ্যের প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টি (এসপি)। দলটির দাবি, সরকারি অর্থের অপচয় ও লোপাটের উদ্দেশ্যে এই অকার্যকর প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যা সাধারণ মানুষের বাস্তবে কোনো উপকারে আসবে না।
দেশবার্তা/একে