হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক কার্গো জাহাজে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের দাবি, মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘন করে ওমান উপসাগর থেকে ইরানের বন্দরের দিকে যাওয়ার চেষ্টা করায় জাহাজটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক কার্যক্রম তদারককারী সংস্থা ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, তাদের নৌবাহিনীর একটি হেলিকপ্টার থেকে পানামার পতাকাবাহী ‘ভেলা নোভা’ নামের কার্গো জাহাজটিতে দুটি হেলফায়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।
সেন্টকমের বিবৃতিতে বলা হয়, ‘জাহাজটি ওমান উপসাগর অতিক্রম করে একটি ইরানি বন্দরের দিকে যাওয়ার এবং দেশটির বিরুদ্ধে আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘনের চেষ্টা করছিল।’
ক্ষেপণাস্ত্র দুটি জাহাজটির ইঞ্জিন রুম লক্ষ্য করে চালানো হয়েছে বলে জানিয়েছে সেন্টকম। এতে জাহাজটি অচল হয়ে পড়ে।
মার্কিন সামরিক বাহিনীর দাবি, নাবিকেরা তাদের দেওয়া একাধিক সতর্কবার্তা উপেক্ষা করেছিলেন।
তবে এ হামলায় জাহাজে থাকা কোনো নাবিক হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে সেন্টকম আরও জানায়, ইরানের বন্দরগুলোতে অবরোধ চলাকালে মার্কিন বাহিনী এ পর্যন্ত ৫৫টি বাণিজ্যিক জাহাজ অচল এবং দুটি জাহাজ জব্দ করেছে।
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের মধ্যে তুলনামূলক শান্ত পরিস্থিতির মধ্যেই এ হামলার ঘটনা ঘটল। গত জুলাইয়ে ১৩ দিনের চরম উত্তেজনার পর থেকে সংঘাত অনেকটাই বন্ধ ছিল। এর আগে জুন মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হলেও পরবর্তীতে তা কার্যকর থাকেনি।
সাম্প্রতিক সময়ে সংঘাত পুনরায় শুরু হওয়ায় যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর আবারও নৌ অবরোধ আরোপ করে। জবাবে ইরানও হরমুজ প্রণালিতে পুনরায় নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। যদিও গত জুনের সমঝোতা স্মারকের অংশ হিসেবে এই দুটি শর্তই তুলে নেওয়া হয়েছিল, যার মূল উদ্দেশ্য ছিল দীর্ঘস্থায়ী শান্তির লক্ষ্যে নতুন আলোচনা শুরু করা এবং ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নির্ধারণ করা।
অন্যদিকে, মধ্যপ্রাচ্যের আরেকটি গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ বাব এল-মান্দেব প্রণালিতে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের জাহাজে হামলা অব্যাহত থাকায় ওই অঞ্চলের সামগ্রিক সংঘাত আরও জটিল আকার ধারণ করেছে।
দেশবার্তা/একে