বিদ্যুৎ সাশ্রয়ে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ এবং সার্বিক আলোকসজ্জা পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, শপিংমল ও দোকানপাট প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে।
বিদ্যুৎ বিভাগের উপসচিব মো. মামুন ভূঁইয়ার স্বাক্ষরিত স্মারকে বলা হয়, ইতিপূর্বে গত ১১ জুন জারি করা সিদ্ধান্ত অনুযায়ী মার্কেটগুলো রাত ৯টা পর্যন্ত খোলা রাখার নিয়ম ছিল। বিদ্যুৎ পরিস্থিতির বিবেচনায় ১২ আগস্ট থেকেই রাত ৮টার মধ্যে বন্ধের নতুন নিয়মটি কার্যকর হবে।
নির্দেশনায় আরও জানানো হয়, দেশের বিভিন্ন স্থানে আয়োজিত মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও রাত ৮টার মধ্যে কার্যক্রম সমাপ্তির একই সময়সীমা প্রযোজ্য হবে।
তবে রেস্তোরাঁ, হাসপাতাল ও ফার্মেসির মতো জরুরি সেবামূলক প্রতিষ্ঠানগুলো এই বাধ্যবাধকতার আওতামুক্ত থাকবে।
নতুন এই সিদ্ধান্ত কঠোরভাবে বাস্তবায়নে সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে ঢাকা দোকান মালিক সমিতিসহ সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থাকে এ বিষয়ে অনুলিপি পাঠানো হয়েছে।
দেশবার্তা/একে