এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় ফলাফল বিপর্যয়ের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে ইংরেজি ও গণিত। এ দুটি বিষয়ে বিপুলসংখ্যক শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় সার্বিক গড় পাসের হারের পাশাপাশি জিপিএ-৫-এর সংখ্যাও কমে গেছে। তবে এর বিপরীত চিত্র দেখা গেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে, যেখানে শিক্ষার্থীরা চমকপ্রদ সাফল্য অর্জন করেছে।
শিক্ষক ও শিক্ষা বোর্ড কর্মকর্তাদের মতে, মূলত মানবিক বিভাগের শিক্ষার্থীরা এ দুই বিষয়ে বেশি অকৃতকার্য হয়েছে। বিশেষ করে মাদরাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অংশ নেওয়া মানবিক বিভাগের শিক্ষার্থীরা ইংরেজি ও গণিতে তুলনামূলক বেশি দুর্বলতা দেখিয়েছে। ফলে সার্বিক ফলাফলে গত দুই দশকের মধ্যে সবচেয়ে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ইংরেজি বিষয়ে সবচেয়ে খারাপ করেছে ময়মনসিংহ শিক্ষা বোর্ড। বোর্ডটিতে পাসের হার মাত্র ৬৬.৬৪ শতাংশ, অর্থাৎ প্রতি ১০০ জনে প্রায় ৩৩ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এছাড়া বরিশাল বোর্ডে ৬৯.২৪ ও সিলেট বোর্ডে ৬৯.১১ শতাংশ শিক্ষার্থী ইংরেজিতে পাস করেছে। ৭০ শতাংশের ঘরে পাসের হার রয়েছে যশোর, চট্টগ্রাম, রাজশাহী, ঢাকা ও মাদরাসা বোর্ডে। বিপরীতে, সন্তোষজনক পাসের হার (৮০ শতাংশের ওপরে) পাওয়া গেছে কেবল কুমিল্লা (৮১.২৯%) ও কারিগরি বোর্ডে (৯৪.৭০%)।
গণিত বিষয়েও ফলাফল আশাব্যঞ্জক নয়। ময়মনসিংহ ও মাদরাসা বোর্ডে গণিতে পাসের হার ৬৯ শতাংশের ঘরে নেমে এসেছে। কারিগরি, দিনাজপুর, সিলেট, রাজশাহী ও বরিশাল বোর্ডে এ হার ৭০ থেকে ৭৭ শতাংশের মধ্যে সীমাবদ্ধ ছিল। তবে ঢাকা, কুমিল্লা, যশোর ও চট্টগ্রাম বোর্ডে গণিতে পাসের হার ৮০ শতাংশ অতিক্রম করায় সার্বিক চিত্রে কিছুটা ভারসাম্য এসেছে।
ইংরেজি ও গণিতে ঘাটতি থাকলেও আইসিটিতে অভাবনীয় উন্নতি করেছে শিক্ষার্থীরা। বিগত বছরগুলোতে এ বিষয়ে ফলাফলে দুর্বলতা থাকলেও এবার অধিকাংশ বোর্ডে পাসের হার প্রায় শতভাগ। রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও কারিগরি বোর্ডে আইসিটিতে ৯৯ শতাংশের বেশি শিক্ষার্থী পাস করেছে। ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ ও মাদরাসা বোর্ডে এ হার ৯৮ শতাংশ। সর্বনিম্ন পাসের হার রেকর্ড হওয়া যশোর বোর্ডেও ৯৭.৮৬ শতাংশ শিক্ষার্থী কৃতকার্য হয়েছে।
বিজ্ঞান ও মানবিক বিভাগের অন্যান্য বিষয়েও সামগ্রিক ফল বেশ ইতিবাচক। ১১টি বোর্ডের মধ্যে সাতটিতে পদার্থবিজ্ঞানে এবং আটটিতে রসায়নে পাসের হার ৯০ শতাংশের ওপরে ছিল। এছাড়া উচ্চতর গণিতে সব কটি বোর্ডে পাসের হার ৯০ শতাংশ পেরিয়েছে। ইতিহাস ও অর্থনীতিতেও পাসের হার সন্তোষজনক হলেও হিসাববিজ্ঞানে অধিকাংশ বোর্ডে পাসের হার ছিল ৮০ শতাংশের ঘরে।
দেশবার্তা/একে