পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আগামী বুধবার (২৬ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক শিক্ষাক্যালেন্ডার অনুযায়ী এদিন স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে।
ইসলাম ধর্মের সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত স্মরণে বিশ্বজুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে দিনটি পালিত হয়। সুন্নি মতাদর্শ অনুযায়ী, ৫৭০ খ্রিস্টাব্দের ১২ রবিউল আউয়াল মহানবী (সা.) জন্মগ্রহণ করেন এবং একই তারিখে তিনি ইন্তেকাল করেন।
মহানবী (সা.)-এর ওফাতের কয়েক শতাব্দী পর ফাতিমীয় শাসনামলে মিসরে প্রথম আনুষ্ঠানিকভাবে মিলাদ বা ‘মাওলিদ’ পালনের প্রচলন শুরু হয়। পরবর্তীতে তা বিশ্বজুড়ে মুসলিমদের মাঝে ছড়িয়ে পড়ে। দিনটি উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানসহ দেশের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে মহানবী (সা.)-এর জীবনী ও আদর্শ আলোচনা, দরুদ পাঠ এবং বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।