তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ বাড়ার ওপর ভর করে দেশে জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ কিছুটা বেড়েছে। পেট্রোবাংলার গত দুই দিনের (১৪ ও ১৫ সেপ্টেম্বর) তথ্য বিশ্লেষণ করে বুধবার সকালে জানা যায়, জাতীয় গ্রিডে একদিনের ব্যবধানে গ্যাসের সরবরাহ বেড়েছে ১৩২ দশমিক ৮ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) বা প্রায় ৫ দশমিক ৭ শতাংশ।
পেট্রোবাংলার পরিসংখ্যান অনুযায়ী, ১৫ সেপ্টেম্বর বেলা ১২টায় জাতীয় গ্রিডে মোট ২ হাজার ৪৭৮ দশমিক ১ এমএমসিএফডি গ্যাস সরবরাহ করা হয়েছে। এর আগের দিন অর্থাৎ ১৪ সেপ্টেম্বর একই সময়ে এই সরবরাহের পরিমাণ ছিল ২ হাজার ৩৪৫ দশমিক ৩ এমএমসিএফডি।
দেশে গ্যাস উৎপাদন ও সরবরাহের মোট সক্ষমতা ৩ হাজার ৮৫৪ এমএমসিএফডি। মোট সক্ষমতার বিপরীতে ১৫ সেপ্টেম্বর জাতীয় গ্রিডে সরবরাহ হয়েছে ৬৪ দশমিক ৩ শতাংশ। এর আগের দিন সক্ষমতার ৬০ দশমিক ৯ শতাংশ গ্যাস সরবরাহ করা হয়েছিল। সে হিসাবে একদিনে মোট সক্ষমতা ব্যবহারের হার বেড়েছে ৩ দশমিক ৪ শতাংশ।
গ্যাস সরবরাহ বৃদ্ধির মূল চালিকাশক্তি ছিল এলএনজি। পেট্রোবাংলার আওতাধীন রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) মাধ্যমে এলএনজি থেকে গ্যাস সরবরাহ ১৪ সেপ্টেম্বর ছিল ৭৩১ দশমিক ৬ এমএমসিএফডি। পরদিন ১৫ সেপ্টেম্বর তা ১২৬ দশমিক ৮ এমএমসিএফডি বা ১৭ দশমিক ৩ শতাংশ বেড়ে দাঁড়ায় ৮৫৮ দশমিক ৪ এমএমসিএফডিতে।
একই সময়ে দেশীয় গ্যাসক্ষেত্রগুলো থেকেও উৎপাদন সামান্য বেড়েছে। এর মধ্যে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) উৎপাদন ৪৮২ দশমিক ৪ এমএমসিএফডি থেকে বেড়ে ৪৮৩ এমএমসিএফডি এবং বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) উৎপাদন ১০০ দশমিক ৩ এমএমসিএফডি থেকে বেড়ে ১০৭ দশমিক ৭ এমএমসিএফডি হয়েছে। তবে সিলেট গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের উৎপাদন ১৩৯ দশমিক ২ এমএমসিএফডিতে অপরিবর্তিত ছিল।
অন্যদিকে, আন্তর্জাতিক তেল-গ্যাস কোম্পানিগুলোর (আইওসি) উৎপাদন সামান্য কমেছে। ১৪ সেপ্টেম্বর আইওসিগুলোর মোট উৎপাদন ছিল ৮৯১ দশমিক ৭ এমএমসিএফডি, যা পরদিন কমে দাঁড়ায় ৮৮৯ দশমিক ৯ এমএমসিএফডিতে। এর মধ্যে শেভরন পরিচালিত বিবিয়ানা গ্যাসক্ষেত্রে উৎপাদন ৭২৪ দশমিক ৮ এমএমসিএফডি থেকে কমে ৭২০ এমএমসিএফডি হয়েছে।
দেশীয় অন্যান্য ক্ষেত্রে অবশ্য ইতিবাচক ধারা দেখা গেছে। জালালাবাদ গ্যাসক্ষেত্রে উৎপাদন ১২১ দশমিক ১ এমএমসিএফডি থেকে বেড়ে ১২৩ দশমিক ৮ এমএমসিএফডি এবং তিতাসে ৩২৯ দশমিক ৬ এমএমসিএফডি থেকে বেড়ে ৩৩০ দশমিক ৮ এমএমসিএফডি হয়েছে।
সামগ্রিক বিশ্লেষণে দেখা যায়, দেশীয় গ্যাসক্ষেত্রগুলোর উৎপাদনে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন না হলেও মূলত এলএনজি সরবরাহ বৃদ্ধির কারণেই জাতীয় গ্রিডে গ্যাসের সামগ্রিক সরবরাহ বেড়েছে।
দেশবার্তা/একে