বিদ্যুতের চলমান সংকট মোকাবিলা ও অগ্রাধিকার প্রকল্পগুলোর বাস্তবায়ন দ্রুততর করতে সচিবদের মাঠপর্যায়ে তদারকি বাড়ানোর নির্দেশ দিয়েছে সরকার। নিজ নিজ জেলার উন্নয়ন প্রকল্পগুলো সরেজমিনে পরিদর্শন, বাস্তবায়নজনিত সমস্যা চিহ্নিতকরণ এবং জনগণের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। একই সঙ্গে সরকারি অফিসগুলোতে সৌর প্যানেল স্থাপনেরও নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্ঠিত সচিব সভায় এসব নির্দেশ দেওয়া হয়। বিকাল সাড়ে চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলা এ সভায় ৬১ জন সচিব অংশ নেন। নতুন সরকার দায়িত্ব নেওয়ার প্রায় সাত মাস পর প্রশাসনিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ এই সমন্বয় সভা অনুষ্ঠিত হলো।
সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, প্রশাসনিক কাজের দক্ষতা বৃদ্ধি ও অভ্যন্তরীণ কার্যক্রম জোরদারের লক্ষ্যে এই বৈঠকের আয়োজন করা হয়। অগ্রাধিকার প্রকল্প নিয়ে সাধারণত কাঠামোবদ্ধ আলোচনা হলেও এবার বিদ্যুতের চলমান সমস্যা সমাধান ও সংকট মোকাবিলায় সরাসরি নির্দেশনা দেওয়া হয়েছে।
অগ্রাধিকারভিত্তিক উন্নয়ন প্রকল্পগুলোর গতি বাড়াতে সচিবদের মাঠপর্যায়ে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়। প্রত্যেক সচিবকে নিজের দায়িত্বপ্রাপ্ত জেলার প্রকল্পগুলোর অগ্রগতি ও সমস্যা সরাসরি পরিদর্শনের তাগিদ দেওয়া হয়েছে। প্রকল্প বাস্তবায়নে কোনো বাধা থাকলে স্থানীয় জনগণের মতামত নিয়ে তা চিহ্নিত করার সিদ্ধান্ত হয়।
প্রশাসনিক দক্ষতা ও সংস্কারমূলক কার্যক্রম জোরদার করে সেগুলোর অগ্রগতি পরবর্তী সভায় প্রতিবেদন আকারে পেশ করতে বলা হয়েছে, যেন সম্মিলিত প্রচেষ্টায় কাজের মান আরও উন্নত করা যায়।
বিদ্যুৎ সংকট মোকাবিলায় স্বল্প ও দীর্ঘমেয়াদি উদ্যোগের অংশ হিসেবে সব সরকারি কার্যালয়ে সৌর প্যানেল স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র (২০২৬-২০৩০) বিষয়ে সভায় আলোচনা হয়।
সরকারের চলমান বিভিন্ন কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর ও জনকল্যাণমুখী করার বিষয়েও বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে জ্যেষ্ঠ সচিব ও সচিবদের দেওয়া প্রস্তাব এবং অন্যান্য প্রশাসনিক বিষয়াবলি পর্যালোচনা করা হয়।
দেশবার্তা/একে