রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে তাণ্ডব চালিয়ে অফিস ভাঙচুর, নগদ টাকা ও মালামাল লুটপাট এবং জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বেড়িবাঁধ এলাকার চাঁদ উদ্যান হাউজিংয়ের ‘টুইন টাওয়ার’-এর দ্বিতীয় তলায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী জয়নাল আবেদীন মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগে জয়নাল আবেদীন জানান, শনিবার সকাল ১০টার দিকে ১০০ থেকে ১৫০ জন অজ্ঞাত ব্যক্তি অনধিকার প্রবেশ করে তাঁদের অফিসের দরজা, তালা ও জানালা ভাঙচুর করে। পরে তারা অফিসের ভেতর তাণ্ডব চালিয়ে স্টোররুম ও বিভিন্ন কক্ষে তল্লাশি চালায়। হামলাকারীরা নগদ ১৫ লাখ টাকা, ৫টি ল্যাপটপ, দুটি এসি, তিনটি সিসিটিভি ক্যামেরাসহ নানা আসবাবপত্র ও প্রয়োজনীয় সরঞ্জাম ট্রাকে তুলে নিয়ে যায়।
অভিযোগে আরও বলা হয়, মো. মোস্তাকের রহমান খোকন চৌধুরী (৬২), মহিন, প্রিন্স ও আলামিন নামে কয়েকজন স্থানীয় ব্যক্তির সহায়তায় বেশ কিছুদিন ধরে অফিসটি দখলের পাঁয়তারা করছিলেন। এ ঘটনার ফলে প্রতিষ্ঠানের বিপুল আর্থিক ক্ষতির পাশাপাশি গুরুত্বপূর্ণ অফিশিয়াল কাগজপত্র ও নথি হারানোর আশঙ্কা তৈরি হয়েছে এবং স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
ঘটনার বিষয়ে তেজগাঁও জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা জানান, বেড়িবাঁধের পশ্চিম পাশে চাঁদ উদ্যানস্থ ‘রোজ ভিলা’ সংলগ্ন জমিতে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। দীর্ঘদিন ধরে আলম নামের এক ব্যক্তি ওই জমিটি দখলে রেখেছিলেন। শনিবার জনি ও রেজাউলের নেতৃত্বে আনুমানিক ১৫০ থেকে ২০০ জন লোক বেআইনিভাবে জমিতে প্রবেশ করে টিনের বেড়া ভেঙে ভেতরে ঢোকে। তারা কার্যালয় ভাঙচুর করে এবং চারদিকে নতুন করে টিনের বেড়া দিয়ে জমি দখলের চেষ্টা চালায়।
পুলিশের এই কর্মকর্তা আরও উল্লেখ করেন, বিতর্কিত ওই জমিটির মালিকানা দাবি করে দুই পক্ষই তাদের নিজ নিজ কাগজপত্র ও দলিল রয়েছে বলে জানাচ্ছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
দেশবার্তা/একে