দীর্ঘ প্রতীক্ষা ও নানা ধাপ পেরিয়ে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টা ১৬ মিনিটে প্রথমবারের মতো ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়।
প্রকল্পসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রথম গ্রিড কানেকশন (এফজিসি) কার্যক্রমের আওতায় প্রাথমিক পর্যায়ে উৎপাদিত এই বিদ্যুৎ ৮ থেকে ১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহ করার পরিকল্পনা রয়েছে। এ সময় টারবাইন, জেনারেটর এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত ব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। এরপর তা বিচ্ছিন্ন করে প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর পুনরায় ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডে সংযুক্ত করে পরবর্তী পরীক্ষা সম্পন্ন করা হবে।
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের ঊর্ধ্বতন তথ্য কর্মকর্তা সৈকত আহমেদ গ্রিডে বিদ্যুৎ যুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত অক্টোবরে রিয়্যাক্টরে পারমাণবিক বিভাজন বা ফিশন প্রক্রিয়া সফলভাবে শুরু হওয়ার পর ধারাবাহিক পরীক্ষা শেষে প্রথম ইউনিট ‘স্টেজ-সি’ ধাপের চূড়ান্ত অনুমোদন পায়।
বিএইআরএর চেয়ারম্যান মাহমুদুল হাসান জানান, নির্ধারিত পর্যায়ে তাপশক্তি অর্জনের পর স্টিম জেনারেটরের মাধ্যমে উৎপাদিত উচ্চচাপের বাষ্পে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে এবং বর্তমানে তা গ্রিড লাইনের সঙ্গে সামঞ্জস্য যাচাইয়ের পর্যায়ে রয়েছে।
এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান জানান, গ্রিড সংযোগ মানেই চূড়ান্ত বাণিজ্যিক উৎপাদন শুরু নয়; বরং এটি গ্রিডের সঙ্গে বিদ্যুৎ গ্রহণের সক্ষমতা যাচাইয়ের একটি কারিগরি পরীক্ষা। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্দেশিকা ও নিরাপত্তা মানদণ্ড অনুসরণ করে ধাপে ধাপে এর উৎপাদন ক্ষমতা শতভাগে উন্নীত করা হবে।
রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি অনুযায়ী, প্রথম ইউনিটের ১০ মাসের ট্রায়াল অপারেশন শেষে স্থায়ীভাবে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।
ঐতিহাসিক এই গ্রিড সংযোগ কার্যক্রমের সময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম, সচিব মো. আনোয়ার হোসেন, পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. এম মইনুল ইসলাম, বিএইআরএর চেয়ারম্যান মাহমুদুল হাসান, এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান ও প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রূপপুর প্রকল্পে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট নির্মিত হচ্ছে, যার মোট উৎপাদনক্ষমতা হবে ২ হাজার ৪০০ মেগাওয়াট।
দেশবার্তা/একে