মেজর লিগ সকারে (এমএলএস) লিওনেল মেসির একার বার্ষিক নিশ্চিত পারিশ্রমিক ইন্টার মায়ামি বাদে লিগের ২৯টি দলের মধ্যে ২৬টি দলের পুরো স্কোয়াডের মোট বেতন খরচের চেয়ে বেশি। এমএলএস প্লেয়ার্স অ্যাসোসিয়েশন (এমএলএসপিএ) ২০২৬ সালে খেলোয়াড়দের বেতনের হালনাগাদ তালিকা প্রকাশ করেছে।
প্রকাশিত তালিকায় দেখা গেছে, ইন্টার মায়ামির আর্জেন্টাইন ফরোয়ার্ড মেসির বার্ষিক নিশ্চিত পারিশ্রমিক ২ কোটি ৮৩ লাখ ৩০ হাজার ডলার, যা লিগে সর্বোচ্চ। ইন্টার মায়ামিকে বাদ দিলে বাকি ২৯টি দলের মধ্যে মাত্র তিনটি দলের খেলোয়াড়দের পেছনে ব্যয় মেসির একার পারিশ্রমিকের চেয়ে বেশি।
গ্রীষ্মকালীন দলবদলে ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রে আসা রবার্ট লেভানডফস্কি, আঁতোয়ান গ্রিজমান ও ব্রিল এমবোলো সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া শীর্ষ পাঁচ খেলোয়াড়ের তালিকায় জায়গা করে নিয়েছেন। শিকাগো ফায়ারে যোগ দেওয়া পোলিশ স্ট্রাইকার লেভানডফস্কি ১ কোটি ৯৫ লাখ ১০ হাজার ডলার নিশ্চিত পারিশ্রমিক নিয়ে দ্বিতীয় স্থানে আছেন। ক্লাবটির হয়ে প্রথম ১৯ ম্যাচে ৯ গোল ও ৫টি অ্যাসিস্ট করেছেন তিনি; খেলেছেন ১ হাজার ৩৩৫ মিনিট।
তৃতীয় স্থানে থাকা অরল্যান্ডো সিটির ফরাসি তারকা গ্রিজমানের পারিশ্রমিক ১ কোটি ৩৯ লাখ ৮০ হাজার ডলার। শীতকালীন দলবদলে তাঁর সঙ্গে চুক্তি হলেও তিনি যুক্তরাষ্ট্রে আসেন গ্রীষ্মে। ১৮ ম্যাচে ১৪ গোল ও ৮টি অ্যাসিস্ট করে অরল্যান্ডোকে প্লে-অফে তোলার পাশাপাশি এমএলএসের বর্ষসেরা নবাগত খেলোয়াড় হয়েছেন তিনি।
ছবি: সংগৃহীত
শীর্ষ পাঁচে চতুর্থ লস অ্যাঞ্জেলেস এফসির সন হিউং-মিন (১ কোটি ১১ লাখ ৫০ হাজার ডলার) এবং পঞ্চম আটলান্টা ইউনাইটেডের ব্রিল এমবোলো (১ কোটি ৮ লাখ ১০ হাজার ডলার)।
তালিকার শীর্ষ দশে মেসির সতীর্থ রদ্রিগো দি পল পাচ্ছেন ৯৬ লাখ ৯০ হাজার ডলার। এ ছাড়া লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির হিরভিং লোজানো ৯৩ লাখ ৩০ হাজার, আটলান্টার মিগেল আলমিরন ৭৮ লাখ ৮০ হাজার, শার্লট এফসির অ্যালাঁ সাঁ-ম্যাক্সিমাঁ ৭২ লাখ এবং রেড বুল নিউইয়র্কের এমিল ফর্সবার্গ ৬০ লাখ ৪০ হাজার ডলার পারিশ্রমিক পাচ্ছেন।
দলের মোট বেতন ব্যয়েও সবার ওপরে মেসির ইন্টার মায়ামি। পুরো স্কোয়াডের নিশ্চিত পারিশ্রমিক বাবদ দলটির ব্যয় ৫ কোটি ৯৩ লাখ ৮০ হাজার ডলার, যা এমএলএসের ৩০টি দলের মধ্যে সর্বোচ্চ। দ্বিতীয় স্থানে থাকা শিকাগো ফায়ারের ব্যয় ৪ কোটি ১২ লাখ ৮০ হাজার ডলার এবং তৃতীয় আটলান্টা ইউনাইটেডের ব্যয় ৩ কোটি ৮৩ লাখ ৫০ হাজার ডলার।
দলগুলোর খরচের তালিকায় চতুর্থ লস অ্যাঞ্জেলেস এফসি (৩ কোটি ২৯ লাখ ১০ হাজার ডলার), পঞ্চম কলম্বাস ক্রু (২ কোটি ৮১ লাখ ৪০ হাজার ডলার) এবং ষষ্ঠ অরল্যান্ডো সিটি (২ কোটি ৮১ লাখ ৩০ হাজার ডলার)।