আর্জেন্টাইন মিডফিল্ডার নিকো পাজকে আগামী মৌসুমে ফিরিয়ে আনতে চায় রিয়াল মাদ্রিদ। তবে তাঁকে ফেরাতে ইতালিয়ান ক্লাব কোমোকে ৮০ মিলিয়ন ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৯০ কোটি টাকা) দিতে হবে স্প্যানিশ ক্লাবটিকে।
স্প্যানিশ রেডিও স্টেশন ‘কোপে’র প্রতিবেদন অনুযায়ী, নিকো পাজের পূর্ণ স্বত্ব ফিরে পেতে আগ্রহী রিয়াল মাদ্রিদ। ২০২৬ সালের গ্রীষ্মে স্প্যানিশ বংশোদ্ভূত আর্জেন্টাইন এই মিডফিল্ডারের ৫০ শতাংশ স্বত্ব কিনতে ৬০ মিলিয়ন ইউরো খরচ করেছিল কোমো। এখন বাকি স্বত্ব নিজেদের করে নিতে চায় রিয়াল।
গত গ্রীষ্মে নিকো পাজ নিজেই রিয়ালকে অনুরোধ করেছিলেন তাঁকে কোমোতেই থাকতে দেওয়ার জন্য। কোচ সেস্ক ফাব্রেগাসের অধীনে থেকে নিজের উন্নতি চালিয়ে যেতে চেয়েছিলেন তিনি। মৌসুমের শুরুর দিকের পারফরম্যান্সে সেই সিদ্ধান্তের যথার্থতাও প্রমাণ করেছেন তরুণ এই মিডফিল্ডার।
বর্তমানে ইতালির শীর্ষ লিগ সিরি আ-তে অন্যতম সেরা পারফরমার হিসেবে বিবেচিত হচ্ছেন পাজ। বিশ্ব ফুটবলের অন্যতম সম্ভাবনাময় তরুণ প্রতিভা হিসেবেও উঠে এসেছে তাঁর নাম। পাজের পারফরম্যান্সের কারণে আগামী মৌসুমে তাঁকে দলে ফেরানোর পরিকল্পনা করছে রিয়াল মাদ্রিদ। তবে তাঁকে ফেরাতে কোমোর সঙ্গে বড় অঙ্কের অর্থের লেনদেন করতে হবে মাদ্রিদের ক্লাবটিকে।
দেশবার্তা/একে