বৈদেশিক রেমিট্যান্স আহরণে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘সিলভার অ্যাওয়ার্ড’ অর্জন করেছে বাংলাদেশ কৃষি ব্যাংক।
রোববার (১২ এপ্রিল) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত ‘সেন্টার ফর নন-রেসিডেন্ট বাংলাদেশী (এনআরবি) ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ ২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।
এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল ‘সীমানা ছাড়িয়ে বাংলাদেশের ব্র্যান্ডিং’। অনুষ্ঠানে দেশের শীর্ষ ১০টি রেমিট্যান্স সংগ্রহকারী ব্যাংকের নাম ঘোষণা করা হয়, যেখানে সকল ব্যাংকের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করে বাংলাদেশ কৃষি ব্যাংক। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিন্তে আলী প্রধান অতিথির কাছ থেকে এই মর্যাদাপূর্ণ পুরস্কার গ্রহণ করেন।
পুরস্কার গ্রহণের পর ব্যবস্থাপনা পরিচালক জানান, বাংলাদেশ কৃষি ব্যাংক গত ২০২৫ সালে ৩.১৩ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স সংগ্রহ করেছে। এই অনন্য অর্জনের জন্য তিনি ব্যাংকের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান।
একই সঙ্গে বিদেশে অবস্থানরত প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, কৃষি ব্যাংকের বিস্তৃত নেটওয়ার্কের ওপর প্রবাসীদের অবিচল আস্থাই এই সাফল্যের মূল চাবিকাঠি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দীন স্বপন। সেন্টার ফর নন-রেসিডেন্ট বাংলাদেশীর (এনআরবি) চেয়ারম্যান এম এস সেকিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক।
সম্মেলনে অন্যান্যের মধ্যে বাংলাদেশ কৃষি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহা. খালেদুজ্জামান, দেশের শীর্ষস্থানীয় অর্থনীতিবিদ এবং বিভিন্ন ব্যাংকের উচ্চপদস্থ নির্বাহীরা উপস্থিত ছিলেন।
বক্তারা দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে প্রবাসীদের পাঠানো অর্থের গুরুত্ব এবং ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির ওপর জোর দেন।
দেশবার্তা/একে