ইসলামাবাদ সংলাপ ব্যর্থ হওয়ার পর নীরবতা ভেঙে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজ অবরোধ করতে মার্কিন নৌবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বলে রোববার ঘোষণা দিয়েছেন তিনি।
ট্রাম্প তাঁর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ লিখেছেন, ইসলামাবাদের বৈঠকটি ইতিবাচক ছিল এবং অধিকাংশ বিষয়ে উভয় পক্ষ একমতও হয়েছিল। তবে ইরান তাদের পারমাণবিক কর্মসূচির বিষয়ে কোনো ধরনের ছাড় দিতে রাজি না হওয়ায় সমঝোতা সম্ভব হয়নি।
মার্কিন প্রেসিডেন্ট সতর্কবার্তা দিয়ে বলেন, ‘হরমুজ প্রণালিতে প্রবেশ বা সেখান থেকে বের হওয়ার চেষ্টা করা যেকোনো জাহাজকে অবরোধের প্রক্রিয়া শুরু করবে মার্কিন নৌবাহিনী। তারা বিশ্বের সেরা। এই প্রক্রিয়া অবিলম্বে কার্যকর হতে যাচ্ছে।’
বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের প্রায় ২০ শতাংশ এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে পরিবহন করা হয়। ইসলামাবাদের সংলাপেও বিষয়টি অন্যতম প্রধান আলোচ্য বিষয় ছিল। এমনকি চলমান যুদ্ধবিরতি চুক্তির শর্তেও এই প্রণালিতে নিরাপদ জাহাজ চলাচলের বিষয়টি উল্লেখ আছে।
এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড শনিবার দাবি করেছে, সমুদ্রপথ মাইনমুক্ত করার অভিযানের অংশ হিসেবে তাদের দুটি ডেস্ট্রয়ার জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে। তবে তেহরান এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করে বলেছে, এমন কোনো নৌযান ওই এলাকা দিয়ে যায়নি। অন্যদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, কোনো সামরিক জাহাজ এই প্রণালি অতিক্রমের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
টোল আদায় অবৈধ: আইএমও
হরমুজ প্রণালি দিয়ে চলাচলের জন্য জাহাজ থেকে টোল আদায়ের ইরানি পরিকল্পনাকে ‘অবৈধ’ বলে অভিহিত করেছেন আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থার (আইএমও) প্রধান আরসেনিও ডমিঙ্গুয়েজ। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে এই পরিকল্পনা প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছেন।
আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ডমিঙ্গুয়েজ বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী হরমুজের মতো গুরুত্বপূর্ণ প্রণালিতে টোল আদায়ের অধিকার কোনো দেশের নেই। এ ধরনের পদক্ষেপ বৈশ্বিক শিপিং বা জাহাজ চলাচলের জন্য অত্যন্ত ক্ষতিকর নজির তৈরি করবে।
দেশবার্তা/একে