গাইবান্ধা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, জেলা শাখার উদ্যোগে শনিবার (৫ সেপ্টেম্বর) স্থানীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভার আগে পাবলিক লাইব্রেরি চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। র্যালিতে জেলার ইমারত নির্মাণ ও রংমিস্ত্রি শ্রমিকরা অংশ নেন।
সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দল গাইবান্ধা জেলা শাখার সভাপতি অ্যাড. কাজী আমিরুল ইসলাম ফকু।
গাইবান্ধা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সদস্য আব্দুস সালামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জাতীয়তাবাদী শ্রমিক দল জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম হুনান হক্কানী, শ্রমিক নেতা অধ্যক্ষ মমতাজুর রহমান বাবু, ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আব্দুল করিম, সংগঠনের সাবেক সভাপতি সাংবাদিক খায়রুল ইসলাম, জেলা সদস্য সাইফুল ইসলাম ও সুমন মিয়াসহ অন্যরা।
বক্তারা বলেন, একটি কুচক্রী মহলের কারণে গাইবান্ধা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়নি। দীর্ঘদিন ধরে একটি পক্ষ সংগঠনটিকে কুক্ষিগত করে রেখেছিল। তবে সাধারণ সদস্যদের উৎসাহ-উদ্দীপনায় সবাই একত্রিত হয়ে সংগঠনকে পুনরায় শক্তিশালী ও সচল করার পাশাপাশি শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষ্যে এ সাধারণ সভার আয়োজন করা হয়েছে।
সভা শেষে অধ্যক্ষ মমতাজুর রহমান বাবুকে প্রধান করে পাঁচ সদস্যবিশিষ্ট একটি নির্বাচন কমিটি গঠন করা হয়। আগামী দুই মাসের মধ্যে ওই কমিটিকে নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করার দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রতিনিধি/আরএইচ