ইসরায়েলি আগ্রাসনের নির্মম চিত্র আবারও প্রকাশ্যে এলো অবরুদ্ধ গাজা উপত্যকায়। প্রায় দুই বছর আগে নিখোঁজ হওয়া একই পরিবারের ৫৫ জন সদস্যের গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে গাজা সিটির জাইতুন এলাকার একটি ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে।
শনিবার (৫ সেপ্টেম্বর) ফিলিস্তিনি সিভিল ডিফেন্স বাহিনীর সদস্যরা বিষয়টি নিশ্চিত করেছেন।
সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, নিহতরা সবাই গাজার ‘মালকা’ পরিবারের সদস্য। প্রায় দুই বছর আগে ইসরায়েলি বাহিনীর নির্বিচার বোমা হামলা থেকে বাঁচতে তারা জাইতুন এলাকার ওই ভবনটিতে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। তবে ইসরায়েলি বিমান হামলায় পুরো ভবনটি ধসে মাটির সঙ্গে মিশে গেলে তারা ভেতরেই চাপা পড়েন।
সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানায়, মালকা পরিবারের নিখোঁজ অন্তত ৬০ জন সদস্যের খোঁজে গত ৭২ ঘণ্টা ধরে উক্ত ধ্বংসস্তূপের নিচে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান চালানো হচ্ছিল। অনুসন্ধানের একপর্যায়ে একের পর এক স্বজনহারা এই পরিবারটির সদস্যদের গলিত ও ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার হতে থাকে।
উদ্ধারকারী দল জানায়, অধিকাংশের মরদেহের অংশ উদ্ধার করা সম্ভব হওয়ায় আগামী সপ্তাহের শুরুতেই পরিবারের এই ৫৫ জন সদস্যকে একসঙ্গে গণদাফন ও যৌথ জানাজা সম্পন্ন করা হবে।
দেশবার্তা/একে