প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) সঙ্গে চুক্তির মেয়াদ আরও বাড়িয়েছেন প্রধান কোচ লুইস এনরিকে। দুইবারের বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের সঙ্গে নতুন করে আরও তিন বছরের চুক্তি স্বাক্ষর করেছেন স্প্যানিশ এই কৌশলবিদ।
পূর্ববর্তী চুক্তি অনুযায়ী ২০২৭ সালে তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। নতুন চুক্তির ফলে ২০৩০ সাল পর্যন্ত প্যারিসের ক্লাবটিতে অবস্থান করবেন তিনি।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) মোনাকোর বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচের আগে আনুষ্ঠানিকভাবে এনরিকের নতুন চুক্তির বিষয়টি নিশ্চিত করে পিএসজি কর্তৃপক্ষ।
একই দিন ক্লাবের ভবিষ্যতের কথা মাথায় রেখে জোয়াও নেভেস, ফাবিয়ান রুইস, উইলিয়ান পাচো, লুকাস বেরালদো ও সেনি মায়ুলুর সঙ্গেও দীর্ঘমেয়াদি চুক্তি নবায়ন করা হয়েছে।
এ প্রসঙ্গে পিএসজি সভাপতি নাসের আল-খেলাইফি বলেন, তারা আমাদের ক্লাবের বর্তমান ও ভবিষ্যৎ প্রকল্পের প্রতিনিধিত্ব করে। আমরা দীর্ঘমেয়াদি ভিত্তিতে এগিয়ে যেতে চাই, নিজেদের মূল্যবোধ ধরে রাখতে চাই এবং সমর্থকদের গর্বিত করার মতো গল্প লিখে যেতে চাই।
ঘরের মাঠে সমর্থকদের উষ্ণ অভ্যর্থনায় চুক্তি নবায়নের ঘোষণা দেওয়া হলেও মোনাকোর কাছে ২-১ গোলে হেরে যায় পিএসজি। নতুন লিগ মৌসুমে প্রথম তিন ম্যাচ খেলে এখনো জয়ের মুখ দেখেনি দলটি।
ম্যাচ শেষে ৫৬ বছর বয়সী এনরিকে বলেন, এ নিয়ে কথা বলার জন্য এটি সেরা সময় নয়। তবে বলতে পারি, আমার কোচিং ক্যারিয়ারে এই প্রথম একই ক্লাবে তিন বছরের বেশি সময় থাকছি। আর আমি তো এখন বয়স্ক কোচ। এখন আমি এখানে প্রথম বছরের চেয়েও বেশি অনুপ্রাণিত। আমার নিজের কাছেই বিষয়টি কিছুটা অদ্ভুত লাগছে। আমি খুবই খুশি এবং আশা করি দায়িত্বের প্রতি সুবিচার করতে পারব।
২০২৩-২৪ মৌসুমের শুরুতে ক্রিস্তফ গালতিয়ের স্থলাভিষিক্ত হয়ে পিএসজির কোচের দায়িত্ব নেন এনরিকে। মূলত ক্লাবটিকে কাঙ্ক্ষিত প্রথম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা এনে দেওয়াই ছিল তার প্রধান লক্ষ্য। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে বিধ্বস্ত করে সেই আক্ষেপ মেটান তিনি। পরবর্তীতে গত মে মাসে ফাইনালের টাইব্রেকারে আর্সেনালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ইউরোপসেরার মুকুট অক্ষুণ্ণ রাখে পিএসজি। এনরিকের অধীনে ক্লাবটি ইতোমধ্যে তিনটি লিগ ওয়ান ও দুটি ফরাসি কাপ ট্রফিও ঘরে তুলেছে।
স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার ফাবিয়ান রুইসের চুক্তি আগামী মৌসুমের শেষ পর্যন্ত বাড়ানো হয়েছে, যা প্রয়োজনে আরও এক বছর বাড়ানো যাবে।
অন্যদিকে পর্তুগালের মিডফিল্ডার জোয়াও নেভেস, ব্রাজিলিয়ান ডিফেন্ডার লুকাস বেরালদো, ইকুয়েডরের সেন্টার-ব্যাক উইলিয়ান পাচো এবং তরুণ সেনি মায়ুলু নতুন চুক্তিতে ২০৩১ সাল পর্যন্ত পিএসজিতে থাকবেন।
দেশবার্তা/একে