বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্নীতিমূলক কর্মকাণ্ড ও ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে তিনজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অভিযুক্তদের মধ্যে রয়েছেন বিসিবির সাবেক পরিচালক মুহাম্মদ মুখলেসুর রহমান শামীম, সাবেক সিকিউরিটি লিয়াজোঁ অফিসার জাকির হোসেন এবং বগুড়া জেলার সাবেক কাউন্সিলর রাকিবুল ইসলাম সানি।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি এ তথ্য জানিয়েছে। বিসিবির অ্যান্টি-করাপশন ও ইন্টিগ্রিটি ইউনিটের তদন্তের পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ২০২৪ সালের দুর্নীতিবিরোধী বিধিমালার বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ের তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়।
তদন্তের আওতায় ছিল বিপিএলের ১২তম আসর। অভিযোগ ওঠার পরপরই ওই তিনজনকে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে।
বিসিবির সাবেক পরিচালক ও অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মুহাম্মদ মুখলেসুর রহমান শামীমের বিরুদ্ধে মোট চারটি ধারায় অভিযোগ আনা হয়েছে। তার বিরুদ্ধে বিপিএলের ম্যাচের ফল বা গতিপ্রকৃতি প্রভাবিত করার উদ্দেশ্যে ফিক্সিং বা এ ধরনের পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগ রয়েছে। পাশাপাশি অন্য কাউকে দুর্নীতিমূলক কর্মকাণ্ডে জড়াতে উৎসাহ দেওয়া বা সহায়তা করা, দুর্নীতির প্রস্তাব পাওয়ার পর তা যথাসময়ে সংশ্লিষ্ট কর্মকর্তাকে না জানানো এবং তদন্তের তথ্য গোপন বা নষ্ট করার অভিযোগ আনা হয়েছে।
অন্যদিকে বিসিবির সাবেক সিকিউরিটি লিয়াজোঁ অফিসার জাকির হোসেনের বিরুদ্ধে ফিক্সিংয়ের পরিকল্পনায় জড়িত থাকা, অন্যকে দুর্প্ররোচনা দেওয়া এবং তদন্তে সহযোগিতা না করার অভিযোগ আনা হয়েছে।
এছাড়া বগুড়া জেলার বিসিবির সাবেক কাউন্সিলর ও অডিট কমিটির সাবেক সদস্যসচিব রাকিবুল ইসলাম সানির বিরুদ্ধে দুটি ধারায় অভিযোগ আনা হয়েছে। তার বিরুদ্ধে দুর্নীতিমূলক প্রস্তাব পাওয়ার তথ্য গোপন রাখা এবং তদন্তে সহযোগিতা না করার অভিযোগ রয়েছে।
বিসিবি জানিয়েছে, অভিযোগের নোটিশ দেওয়ার পর অভিযুক্তদের নিজেদের অবস্থান ব্যাখ্যা করার সুযোগ দেওয়া হয়েছে। চলমান শৃঙ্খলাজনিত প্রক্রিয়ার অংশ হিসেবে জবাব দিতে তাদের ১৪ দিন সময় বেঁধে দেওয়া হয়েছে। বিসিবির দুর্নীতিবিরোধী বিধিমালার অধীনে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত তাদের ওপর এই সাময়িক নিষেধাজ্ঞা বহাল থাকবে।
দেশবার্তা/একে