রাজধানীর বসুন্ধরা স্পোর্টস সিটিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে ‘বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ ২০২৬’। পাঁচ দিনব্যাপী এ টুর্নামেন্টের ফাইনালে শ্রীলঙ্কার রভিন্দ্র লক্ষীশ্রীকে ৩-০ সেটে হারিয়ে শিরোপা জিতেছেন বিশ্বের ১৪৪ নম্বর র্যাঙ্কধারী মিশরের জিয়াদ ইব্রাহিম।
গত ২৪ আগস্ট শুরু হওয়া টুর্নামেন্টে বিশ্বের ১১টি দেশের শীর্ষস্থানীয় পেশাদার স্কোয়াশ খেলোয়াড়রা অংশ নেন। শুক্রবার অনুষ্ঠিত ফাইনালে জিয়াদ ইব্রাহিম দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে বিশ্বের ১৬৪ নম্বর র্যাঙ্কধারী রভিন্দ্র লক্ষীশ্রীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মু. হাসান-উজ-জামান। তিনি বিজয়ীদের হাতে ট্রফি, মেডেল ও অর্থ পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টুর্নামেন্ট প্রমোটর ব্রিগেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম, এসপিপি (অব.), নির্বাহী কমিটির সদস্যরা, বসুন্ধরা স্পোর্টস সিটির ঊর্ধ্বতন নির্বাহী পরিচালক কর্নেল মহাসিনুল করিম, আমন্ত্রিত অতিথি, দেশি-বিদেশি খেলোয়াড় ও সাংবাদিকরা।
অনুষ্ঠানের শুরুতে ‘স্কোয়াশ ও শিক্ষা বৃত্তি’ প্রদান করা হয়। পাশাপাশি এ বছর মাধ্যমিকে কৃতিত্ব অর্জনকারী স্কোয়াশ খেলোয়াড়দের সম্মাননা এবং ক্ষুদে খেলোয়াড়দের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণী পর্বে বাংলাদেশের সেরা খেলোয়াড় হিসেবে তরুণ প্রতিভা পারভেজ করিমকে সম্মাননা দেওয়া হয়। এছাড়া দ্বিতীয় রানার্সআপ মিশরের মোহাম্মদ গহর (বিশ্ব র্যাঙ্কিং ৯৫), প্রথম রানার্সআপ ইরানের সেফের এতেমাদপুর (বিশ্ব র্যাঙ্কিং ৫৬৬), রানার্সআপ রভিন্দ্র লক্ষীশ্রী এবং চ্যাম্পিয়ন জিয়াদ ইব্রাহিমকে পুরস্কৃত করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ‘ক্লাসরুম স্কোয়াশ’, খেলাধুলা ও নেতৃত্বের বিকাশ এবং ‘স্কোয়াশ ও শিক্ষা বৃত্তি’র মতো উদ্যোগের ইতিবাচক প্রভাব এখন দৃশ্যমান। তাদের মতে, এই আন্তর্জাতিক টুর্নামেন্ট দেশের খেলোয়াড়দের র্যাঙ্কিং ও অভিজ্ঞতা বৃদ্ধির পাশাপাশি বিশ্ব অঙ্গনে বাংলাদেশকে সম্ভাবনাময় ‘স্কোয়াশ ডেস্টিনেশন’ হিসেবে প্রতিষ্ঠায় ভূমিকা রাখছে।
আয়োজকরা আরও জানান, গত পাঁচ বছরে দেশের স্কোয়াশে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং আন্তর্জাতিক অঙ্গনে পদক অর্জন শুরু হয়েছে। ২০৩২ সালের অলিম্পিকে অংশগ্রহণের লক্ষ্য সামনে রেখে অবকাঠামোগত উন্নয়ন ও সবার সম্মিলিত প্রচেষ্টায় স্কোয়াশকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে টুর্নামেন্টের সমাপ্তি ঘোষণা করা হয়।
দেশবার্তা/কেএ/একে