চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় মরা পাগলা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে এক সঙ্গে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা দেড়টার দিকে সদর উপজেলার চর চাকলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো- সদর উপজেলার চর চাকলা গ্রামের মো. মাসুদের দুই মেয়ে সুমাইয়া (১০) ও আরিবা (৮), নেমাজের দুই মেয়ে সুমি (১২) ও সুরাইয়া (৯) এবং শরিফুলের মেয়ে শরীফা (১২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, চর চাকলা গ্রামের পাশের এই নদীটি মূলত পদ্মা নদীর একটি শাখা, যা স্থানীয়ভাবে ‘মরা নদী’ নামে পরিচিত। বছরের অধিকাংশ সময় পানি না থাকায় নদীর তলদেশে ফসল চাষ করা হলেও সম্প্রতি বৃষ্টি ও পদ্মার পানি বৃদ্ধির কারণে নদীটি প্লাবিত হয়। শুক্রবার দুপুরে শিশুদের অজান্তে এই নদীর পানিতে গোসল করতে নেমে একপর্যায়ে সবাই তলিয়ে যায়। দুর্ঘটনার সময় গ্রামের অধিকাংশ মানুষ জুমার নামাজে থাকায় তাৎক্ষণিকভাবে বিষয়টি কেউ টের পাননি।
স্থানীয় বাসিন্দা আবদুল হালিম হাম্মাদ জানান, শুক্রবার হওয়ায় গ্রামের সবাই জুমার নামাজ পড়তে গিয়েছিলেন। এ সময় শিশুরা কখন কাকে না জানিয়ে নদীতে গোসল করতে নেমেছিল, তা কেউ বুঝতে পারেনি। পরে তারা পানিতে ডুবে যায়।
নামাজ শেষে পরিবারের সদস্যরা শিশুদের খোঁজ শুরু করলে নদীতে তাদের ডুবে যাওয়ার বিষয়টি স্পষ্ট হয়। পরে স্থানীয় লোকজন নদীতে নেমে তল্লাশি চালিয়ে পাঁচ শিশুর মরদেহ উদ্ধার করে।
একসঙ্গে পাঁচ শিশুর মর্মান্তিক মৃত্যুতে চর চাকলা গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।
দেশবার্তা/একে