ক্যারিয়ারজুড়ে অনন্য সব রেকর্ডের মালিক লিওনেল মেসি এবার এক অস্বস্তিকর রেকর্ডের মুখোমুখি দাঁড়িয়েছেন। মার্কিন ক্লাব ইন্টার মায়ামির হয়ে টানা চার ম্যাচ জয়হীন থাকার পর পেশাদার ক্যারিয়ারের দীর্ঘতম জয়হীন ধারায় পৌঁছে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে এই আর্জেন্টাইন মহাতারকার সামনে।
আগামী শনিবার মেজর লিগ সকারে সিএফ মন্ট্রিয়েলের মুখোমুখি হবে ইন্টার মায়ামি। এই ম্যাচে জয়ের মুখ না দেখলে নিজের ক্যারিয়ারে সবচেয়ে দীর্ঘ সময় জয় না পাওয়ার খরা ছুঁয়ে ফেলবেন আটবারের ব্যালন ডি’অরজয়ী তারকা।
সর্বশেষ ম্যাচে টরন্টো এফসির কাছে ২-১ গোলে হেরেছে ইন্টার মায়ামি। তার আগের তিন ম্যাচও জয়হীন কাটায় টানা চার ম্যাচে জয়ের দেখা পায়নি দলটি। যদিও দলের এমন হতাশাজনক পারফরম্যান্সের মধ্যেও চেনা ছন্দে ছিলেন মেসি; শেষ চার ম্যাচে নিজে দুটি গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে করিয়েছেন আরও একটি গোল।
এর আগে ২০১৩ সালে বার্সেলোনায় খেলার সময় ক্যারিয়ারের দীর্ঘতম জয়হীন খরায় পড়েছিলেন মেসি। সেবার টানা পাঁচ ম্যাচে জয়হীন ছিল কাতালানরা, যার মধ্যে চারটি ড্র ও একটিতে হার ছিল। মন্ট্রিয়েলের বিপক্ষে পয়েন্ট হারালেই দীর্ঘ ১৩ বছর পর আবারও সেই অভিজ্ঞতার মুখোমুখি হবেন তিনি।
অবশ্য ২০২৫ সালেও চার ম্যাচ জয়হীন থাকার বাজে স্মৃতি রয়েছে মায়ামির। তবে সেবার দ্রুত ঘুরে দাঁড়িয়ে টানা পাঁচ জয় তুলে নিয়েছিল তারা। এবারও সেভাবে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় রয়েছে মায়ামি শিবির।
দলটির এমন টানা ব্যর্থতার পেছনে প্রধান অনুঘটক হিসেবে দেখা হচ্ছে নড়বড়ে রক্ষণভাগকে। ২০২৬ সালের মে মাসের পর থেকে এখন পর্যন্ত কোনো ম্যাচেই প্রতিপক্ষকে গোলবঞ্চিত রাখতে (ক্লিন শিট) পারেনি মায়ামির রক্ষণভাগ।
দেশবার্তা/একে