চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহর মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার অভিনেতা আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (২৫ আগস্ট) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-১১ এর বিচারক মো. নুরুল ইসলামের আদালতে ডনের জামিন চেয়ে শুনানি করেন তার আইনজীবী তারিকুল ইসলাম জুয়েল। শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে দেন বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী ফারুক দেওয়ান।
এর আগে গত ৯ আগস্ট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ১২ আগস্ট ঢাকার সিএমএম আদালতও তার জামিন আবেদন নামঞ্জুর করেছিলেন।
এদিকে মামলার তদন্তকারী সংস্থা সিআইডি পুলিশের ঢাকা মেট্রো দক্ষিণের পরিদর্শক মজিবুর রহমান আসামি ডনের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছেন। আসামির উপস্থিতিতে বৃহস্পতিবার এ বিষয়ে শুনানির দিন ধার্য রয়েছে।
উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর পর প্রথমে অপমৃত্যু মামলা করা হয়। পরবর্তীতে নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে মামলাটি হত্যা মামলা হিসেবে পুনর্গ্রহণের নির্দেশ দেন আদালত। ওই আদেশের পর রাজধানীর রমনা থানায় মামলাটি দায়ের করেন সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর। মামলায় সালমান শাহর স্ত্রী সামীরা হক ও অভিনেতা ডনসহ ১১ জনকে আসামি করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা আগামী ৩০ আগস্টের মধ্যে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করবেন বলে জানা গেছে।
দেশবার্তা/একে