রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে একটি অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে তর্ক যা এক পর্যায়ে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় রূপ নেয়। জানাগেছে এ ঘটনায় এখন পর্যন্ত চার শিক্ষার্থী আহত হয়েছেন। এদিকে ঘটনার সুষ্ঠু তদন্তে তিন সদস্যের কমিটি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের তথ্যনুযায়ী বুধবার রাত ১০টার দিকে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়। আহত শিক্ষার্থীরা হলেন রসায়ন বিভাগের ফেরদৌস হাসান, সাজিদুর, নোমান ও সামিন। তাঁদের মধ্যে ফেরদৌস হাসান ও সাজিদুরকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চোখে ও মাথায় আঘাত পাওয়া ফেরদৌস হাসানের অবস্থা গুরুতর হওয়ায় রাতেই তাঁকে আইসিইউতে পাঠানো হয়।
বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রের চিকিৎসক সাজিদ হাফিজ বলেন, সংঘর্ষের ঘটনায় চার শিক্ষার্থী চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে দুজন মাথায় ও চোখে আঘাত পেয়েছেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
একপর্যায়ে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের কয়েকজন শিক্ষার্থী নবাব আবদুল লতিফ হলের পেছনে রসায়ন বিভাগের শিক্ষার্থীদের মারধর করেন। এতে রসায়ন বিভাগের দুই শিক্ষার্থী আহত হন। এর জেরে রসায়ন বিভাগের শিক্ষার্থীরা ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের একাডেমিক ভবনে হামলা ও ভাঙচুর করেন। এ সময় ভবনটির দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে রসায়ন বিভাগের আরও দুই শিক্ষার্থী আহত হন। পরে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা রসায়ন বিভাগের একাডেমিক ভবনে হামলা ও ভাঙচুর করেন।
সংঘর্ষে রসায়ন বিভাগের ফেরদৌস হাসানসহ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।
অধ্যাপক রফিকুল ইসলাম, সহকারী প্রক্টর ঘটনার বিষয়ে জানতে দুই বিভাগের সংশ্লিষ্ট শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
দেশবার্তা/এমআর