টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাইইখোলা এলাকায় অবস্থিত ‘বে-পাওয়ার টেকনোলজি লিমিটেড’ কারখানায় গত ১৫ জুন রাতে ডাকাতি ও ৭৫ লাখ ২৫ হাজার টাকার মালামাল লুটের ঘটনায় জড়িত আন্তঃজেলা ডাকাত চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন চট্টগ্রামের সীতাকুণ্ড থানার কদম রসুল এলাকার মৃত সুলতান আহমেদের ছেলে মো. আজিজুল হক (৪০) এবং হাটহাজারী থানার রাজখানপাড়া এলাকার ইমাম হোসেনের ছেলে নিজাম উদ্দিন মিন্টু (৪৮)।
পুলিশ জানায়, মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. আশরাফুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় বাসাইল থানা পুলিশ ও চট্টগ্রাম জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে গত ২৪ আগস্ট তাঁদের নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে।
এ সময় তাঁদের কাছ থেকে নগদ ৩ লাখ টাকা এবং ডাকাতির ঘটনায় লুণ্ঠিত একটি ফ্যান উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার দুই আসামিকে ২৬ আগস্ট টাঙ্গাইল আদালতে পাঠানো হলে তাঁরা উভয়েই ঘটনার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
প্রতিনিধি/আরএইচ