ইন্দোনেশিয়াজুড়ে দাবানলের ধোঁয়ায় সৃষ্ট বায়ুদূষণে গত সেপ্টেম্বর মাসে আনুমানিক ৩ হাজার ৫৬০ জনের মৃত্যু হয়েছে। একটি বৈজ্ঞানিক গবেষণায় এই তথ্য উঠে এসেছে।
হেলসিংকিভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ারের (সিআরইএ) প্রতিবেদনে বলা হয়েছে, একই সময়ে দেশটির প্রায় ৫ কোটি ৭৮ লাখ মানুষ অস্বাস্থ্যকর থেকে বিপজ্জনক মাত্রার বায়ুতে শ্বাস নিয়েছেন।
সিআরইএর বিবৃতিতে জানানো হয়, বনভূমি ও অন্যান্য ভূমিতে আগুনের কারণে ইন্দোনেশিয়ার বায়ুর মানের মারাত্মক অবনতি হয়েছে। এতে ২০২৬ সালের সেপ্টেম্বরে আনুমানিক মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৫৬০ জনে, যা আগস্টের হিসাবের তুলনায় দ্বিগুণ।
গবেষণায় মূলত পিএম২.৫ দূষণকণার স্বল্পমেয়াদি সংস্পর্শে আসার কারণে মৃত্যুর হিসাব করা হয়েছে। অর্থাৎ দূষিত বায়ুতে শ্বাস নেওয়ার কয়েক দিনের মধ্যেই যেসব মৃত্যু ঘটেছে, সেগুলো এই হিসাবের অন্তর্ভুক্ত।
গবেষকদের তথ্য অনুযায়ী, এসব মৃত্যুর অধিকাংশ ঘটেছে ইন্দোনেশিয়ার বোর্নিও দ্বীপের অংশ, জাভা ও সুমাত্রা দ্বীপ এবং দেশটির পূর্বাঞ্চলে।
গবেষণায় দাবানলের ধোঁয়ার পাশাপাশি নগর ও শিল্পকারখানার নির্গত ধোঁয়া থেকে সৃষ্ট বায়ুদূষণের প্রভাবও পর্যালোচনা করা হয়েছে। এতে দেখা গেছে, এসব উৎসের দূষণের কারণে সেপ্টেম্বরে আরও ১ হাজার ৭৫০ জনের মৃত্যু হয়েছে।
সব মিলিয়ে সেপ্টেম্বর মাসে ইন্দোনেশিয়ায় বায়ুদূষণজনিত আনুমানিক মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৩১০ জনে। প্রায় ২৭ কোটি ৮০ লাখ জনসংখ্যার দেশটিতে বায়ুদূষণের ভয়াবহ প্রভাব নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে এই গবেষণা।
দেশবার্তা/একে