ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম মাঠে নামার আগে নিজের লুক পুরোপুরি বদলে ফেলেছেন আর্লিং হালান্ড। দীর্ঘদিনের চেনা সোনালি লম্বা চুল কেটে একদম ছোট করে ফেলেছেন ম্যানচেস্টার সিটির এই তারকা স্ট্রাইকার। নতুন এই চেহারায় দলের সাবেক কোচ পেপ গার্দিওলাকে ভিডিও কল করে রীতিমতো চমকে দিয়েছেন তিনি।
রোববার (২৩ আগস্ট) প্রিমিয়ার লিগে বোর্নমাউথের বিপক্ষে মাঠে নামার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের চুল কাটার পুরো প্রক্রিয়ার একটি ভিডিও প্রকাশ করেন নরওয়েজিয়ান এই তারকা।
চুল কাটার পর বন্ধু, সতীর্থ ও পরিচিতদের ভিডিও কল করে নতুন রূপ দেখান হালান্ড। সেই তালিকায় থাকা সাবেক কোচ পেপ গার্দিওলা হালান্ডকে দেখে প্রথমে হাত দিয়ে মুখ ঢেকে বিস্ময় প্রকাশ করেন। পরে হেসে বলেন, ‘তোমার ভাগ্য ভালো যে চুল আছে। আমার চুল থাকলে খুব খুশি হতাম।’
হালান্ডের এই পরিবর্তনের পর সাবেক সতীর্থ জ্যাক গ্রিলিশ মজা করে বলেন, হালান্ডকে এখন দেখতে ১০ বছরের শিশুর মতো লাগছে।
অন্যদিকে সাবেক সুইডিশ তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ রসিকতা করে বলেন, ‘তুমি এটা কী করেছ? আমাকে ব্লক করে দাও এবং আমার নম্বর ডিলিট করে দাও। আমার স্ত্রী বলছে, তুমি একটা পাগল।’
মাঠে লম্বা চুলের জন্য আলাদা এক পরিচিতি ছিল ২৪ বছর বয়সী এই গোলমেশিনের। তবে নতুন মৌসুমে চেনা রূপ ছেড়ে নতুন হেয়ারস্টাইলেই প্রতিপক্ষের রক্ষণভাগে ঝোড়ো আক্রমণ চালানোর প্রস্তুতি নিচ্ছেন তিনি।
দেশবার্তা/একে