বলিউড অভিনেত্রী ও বিজেপি সংসদ সদস্য কঙ্গনা রনৌত এবং অভিনেত্রী তাপসী পান্নুর পুরোনো কোন্দল নতুন করে উত্তাপ ছড়িয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাপসীর দেওয়া বক্তব্যের জেরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে তীব্র ব্যক্তিগত আক্রমণ করেন কঙ্গনা। একের পর এক বিতর্কিত পোস্ট দেওয়ার পর তা মুছেও ফেলেন তিনি। এর পরপরই ইনস্টাগ্রামে একটি রহস্যময় স্টোরি শেয়ার করে পরোক্ষ জবাব দিয়েছেন তাপসী।
তাপসী বর্তমানে তাঁর নতুন সিনেমা ‘গান্ধারী’র প্রচারে ব্যস্ত সময় পার করছেন। সিনেমার প্রচারকালীন এক সাক্ষাৎকারে কঙ্গনার সঙ্গে পুরোনো দ্বন্দ্বের বিষয়ে প্রশ্ন করা হলে তাপসী জানান, কঙ্গনার সঙ্গে তাঁর কখনো দেখা হয়নি। ২০১৯ সালে তাঁদের বিতর্ক শুরু হওয়ার সময় যেমন দেখা হয়নি, আজও হয়নি।
তাপসীর মতে, কঙ্গনাকে নিয়ে তাঁর মতামত তাঁর নিজের বেড়ে ওঠা, কথা বলার ধরন ও দৃষ্টিভঙ্গির প্রতিফলন। কঙ্গনারও নিজস্ব দৃষ্টিভঙ্গি রয়েছে। কে কোথা থেকে এসেছেন, সেটাই সবার জন্য অনেক কিছু বলে দেয়।
তাপসীর এই বক্তব্যের পরপরই ক্ষুব্ধ হয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে নাম না করে তাঁকেই ‘এক সস্তা কপি’ বলে কটাক্ষ করেন কঙ্গনা।
তিনি দাবি করেন, তাপসী নিজের সিনেমার চেয়ে কঙ্গনাকে নিয়েই সংবাদমাধ্যমে আলোচনায় থাকতে বেশি আগ্রহী।
এখানেই না থেমে তাপসীর বেড়ে ওঠা ও পরিবার নিয়ে কড়া মন্তব্য করেন কঙ্গনা। নিজের অভিজাত রাজপুত পারিবারিক পরিচয়ের কথা উল্লেখ করে কঙ্গনা লেখেন, তিনি একটি সম্মানিত ও শিক্ষিত পরিবারে বেড়ে উঠেছেন এবং শূন্য থেকে ক্যারিয়ার শুরু করেছেন। বিপরীতে তাপসীর পারিবারিক পটভূমি নিয়ে প্রশ্ন তুলে তিনি দাবি করেন, তাপসী তাঁর মা-বাবাকে নিয়ে উপহাস করেছেন।
তবে কঙ্গনার এই বিতর্কিত স্টোরিগুলো বেশি সময় ইনস্টাগ্রামে থাকেনি। পরদিন সকালের মধ্যেই সেগুলো মুছে ফেলা হয়।
কঙ্গনা পোস্ট মুছে দেওয়ার পরপরই ইনস্টাগ্রাম স্টোরিতে সংক্ষিপ্ত এক বার্তায় তাপসী লেখেন, ‘হেন্স, প্রুভড’ (প্রমাণিত)। কঙ্গনার নাম উল্লেখ না করলেও তাঁর এই বার্তা কঙ্গনার পোস্ট মোছার বিষয়টিকেই ইঙ্গিত করছে বলে ধারণা করছেন নেটিজেনরা।
উল্লেখ্য, কঙ্গনা ও তাপসীর মধ্যে এই বিরোধের সূচনা ২০১৯ সালে। ওই সময় কঙ্গনার বোন রঙ্গোলি চান্দেল প্রথম তাপসীকে কঙ্গনার ‘সস্তা কপি’ বা ‘সস্তা নকল’ বলে মন্তব্য করেছিলেন। এরপর ২০২০ সালে বলিউডে স্বজনপ্রীতি ও বহিরাগত ইস্যু নিয়ে বিতর্কের সময় কঙ্গনা তাপসীসহ বেশ কয়েকজন অভিনেত্রীকে ‘বি-গ্রেড অভিনেত্রী’ ও ‘প্রয়োজনীয় বহিরাগত’ বলে কটাক্ষ করলে তাঁদের দ্বন্দ্ব আরও প্রকট রূপ নেয়।
দেশবার্তা/একে