সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রূপ ধারণ করে নতুন করে আলোচনায় এসেছেন অভিনেত্রী, মডেল ও ভ্লগার রুকাইয়া জাহান চমক। নিজের ভ্লগ সিরিজের একটি নতুন পর্বে খালেদা জিয়ার চেনা সাজে ক্যামেরার সামনে হাজির হন তিনি। ভিডিওটি প্রকাশ্যে আসার পর অনুরাগী ও নেটিজেনদের প্রশংসায় ভাসছেন এই অভিনেত্রী।
সম্প্রতি নিজের ফেসবুক পেজে ‘ডিসকভারিং বাংলাদেশ উইথ চমক’ ভ্লগ সিরিজের দ্বিতীয় সিজনের ১৯তম পর্ব প্রকাশ করেন চমক। ‘বেগম খালেদা জিয়া’ শিরোনামের ওই ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, এটি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর গল্প; যিনি গণতন্ত্রের মা এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের আপসহীন নেত্রী।
ঢাকার জিয়া উদ্যান ও স্টুডিওতে ধারণ করা ভিডিওটিতে চমককে দেখা যায় হালকা রঙের প্রিন্টের শাড়ি, গলায় মুক্তার মালা এবং চোখে সানগ্লাস পরিহিত অবস্থায়। এতে অবিকল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিচিত উপস্থিতি ফুটে ওঠে।
ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মন্তব্যের ঝড় ওঠে। মন্তব্যের ঘরে অনেকে চমকের নিখুঁত সাজ ও উপস্থাপনার প্রশংসা করেন।
এক নেটিজেন লিখেছেন, ‘চমক আসলেই একজন প্রতিভাবান শিল্পী, পুরো খালেদা জিয়ার মতোই লাগছে।’ আরেকজন মন্তব্য করেন, এই প্রথম কেউ তাকে এত সুন্দরভাবে উপস্থাপন করল।
এর আগে চলতি বছরে কুষ্টিয়ার একটি আসন থেকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার জন্য বিএনপির হয়ে মনোনয়ন ফরম কিনে বেশ আলোচনায় এসেছিলেন চমক। সে সময় তিনি আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেওয়ার কথাও জানিয়েছিলেন।
২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় রানারআপ হয়ে বিনোদন জগতে পা রাখেন রুকাইয়া জাহান চমক। তিন বছর বিরতি দিয়ে ২০২০ সালে অভিনয় শুরু করেন ছোট পর্দায়। পরবর্তীতে ‘হাইদার’, ‘হাউস নম্বর-৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’ ও ‘ভাইরাল হ্যাজব্যান্ড’ এর মতো জনপ্রিয় নাটকে কাজ করে জনপ্রিয়তা অর্জন করেন তিনি। বর্তমানে অভিনয়ের পাশাপাশি ভ্লগিং নিয়েও ব্যস্ত রয়েছেন এই অভিনেত্রী।
দেশবার্তা/একে