পপ সম্রাট মাইকেল জ্যাকসনের জীবননির্ভর বায়োপিক ‘মাইকেল’ বিশ্বজুড়ে এক বিলিয়ন ডলারের বেশি আয় করে ব্যবসায়িক সফলতা পেলেও সমালোচনার মুখে পড়েছিল। নব্বইয়ের দশকে এই তারকাকে ঘিরে ওঠা বিতর্ক এবং শিশুযৌন নিপীড়নের অভিযোগের মতো গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো প্রথম পর্বে না থাকায় প্রশ্ন তুলেছিলেন সমালোচকেরা।
তবে এবার সেই বিতর্কিত অধ্যায়গুলো নিয়েই বায়োপিকের দ্বিতীয় পর্ব নির্মাণের কথা জানিয়েছেন মাইকেলের চরিত্রে অভিনয় করা তাঁর ভাতিজা জাফর জ্যাকসন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে দ্বিতীয় কিস্তির চিত্রনাট্য ও গল্প নিয়ে কথা বলেন জাফর। তিনি জানান, চিত্রনাট্যের ওপর সরাসরি নিয়ন্ত্রণ না থাকলেও তিনি চান দ্বিতীয় সিনেমায় মাইকেলের নিজস্ব দৃষ্টিভঙ্গি আরও স্পষ্টভাবে উঠে আসুক।
জাফর বলেন, ‘এটা অন্য কারো গল্প। বিষয়টিকে অন্য কেউ যেভাবে দেখেছে, তা মূলত বিশেষ কোনো উদ্দেশ্য বা এজেন্ডা দ্বারা চালিত। আর পরিবার হিসেবে এতদিন ধরে আমাদের মূল সমস্যাটাই ছিল এটি- মাইকেলের নিজের বক্তব্য কখনো কেউ শোনেনি। আমি মনে করি এটি সবার সামনে আসা খুব, খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে তাঁর জীবনের শেষ সময়গুলোর বিষয়ে।’
‘মাইকেল’ সিনেমার প্রথম পর্বে জ্যাকসনের ক্যারিয়ারের শুরু থেকে ১৯৮৭ সালের ‘ব্যাড’ অ্যালবাম প্রকাশ পর্যন্ত সময়কাল দেখানো হয়েছে। এরপর ১৯৯৩ সালে তাঁর বিরুদ্ধে প্রথমবার শিশুযৌন নিপীড়নের অভিযোগ ওঠে, যা প্রথম সিনেমার গল্পে ছিল না।
প্রথম পর্বের প্রেক্ষাপট তুলে ধরে জাফর বলেন, ‘প্রথম চলচ্চিত্রে মাইকেলকে তাঁর একদম শুরু বা শিকড় থেকে তুলে ধরা হয়েছে। ফলে সব সফলতা অর্জন এবং আইকন হয়ে ওঠার আগে মানুষ হিসেবে তিনি কেমন ছিলেন, সে সম্পর্কে দর্শকেরা স্পষ্ট একটি ধারণা পান। কারণ দিনশেষে নব্বইয়ের দশক থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি তেমনই একজন মানুষ ছিলেন।’
নানা প্রতিকূল পরিস্থিতির মধ্যেও মাইকেল জ্যাকসন মানুষের প্রতি ভালোবাসা ও সদয় আচরণ ধরে রেখেছিলেন বলে মন্তব্য করেন জাফর। তিনি আশা প্রকাশ করেন, মাইকেলের ব্যক্তিত্বের এই দিকটি দ্বিতীয় সিনেমায় আরও স্পষ্টভাবে ফুটে উঠবে।
জাফরের ভাষায়, ‘মাইকেল তাঁর সততা ও মানুষের মধ্যে সবসময় ভালো দিকটা খুঁজে পাওয়ার মানসিকতা কখনোই হারাননি। তাঁকে যেসবের মধ্য দিয়েই যেতে হোক না কেন, তাঁর সঙ্গে যেমন আচরণই করা হোক বা তাঁকে নিয়ে যা-ই বলা হোক না কেন- তিনি মানুষকে ভালোবাসা ও সদয় আচরণ করা কখনো থামেননি। আমি আশা করি, দ্বিতীয় সিনেমায় দর্শকেরা এটি গভীরভাবে অনুধাবন করতে পারবেন।’
দেশবার্তা/একে