সিলেট মহানগরীকে সম্পূর্ণ অপরাধমুক্ত, নিরাপদ ও সুশাসিত নগরী হিসেবে গড়ে তুলতে অপরাধীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক বিশেষ মতবিনিময় সভায় তিনি স্পষ্ট করে জানিয়েছেন, সিলেটে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রশ্রয় দেওয়া হবে না।
শনিবার (২২ আগস্ট) এসএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে সিলেট মহানগরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার, জননিরাপত্তা নিশ্চিতকরণ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মপরিকল্পনা নির্ধারণে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ গুরুত্বপূর্ণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, সিলেট একটি শান্তিপ্রিয় ও আধ্যাত্মিক নগরী। এখানে কোনো অবস্থাতেই মাদক, অনলাইন জুয়া এবং কিশোর গ্যাংয়ের অপতৎপরতা সহ্য করা হবে না। সামাজিক এই ব্যাধিগুলো রূপ নিচ্ছে মারাত্মক অপরাধে, যা তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।
এসএমপি কমিশনারের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, “আইনশৃঙ্খলা রক্ষায় আইন অনুযায়ী কঠোর ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। দল-মত নির্বিশেষে অপরাধী যে-ই হোক না কেন, তাকে আইনের আওতায় আনতে হবে।”
জবাবে এসএমপি পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম আশ্বাস দিয়ে বলেন, মহানগরের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বাহিনী সচেষ্ট রয়েছে। অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে মেট্রোপলিটন পুলিশ তাৎক্ষণিক ও আইনি পদক্ষেপ গ্রহণ করবে।
বিশেষ এই বৈঠকে উপস্থিত ছিলেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরিচালক মো. বদরুজ্জামান সেলিম, পিপি এডভোকেট আশিক উদ্দিন, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সিলেটের স্থানীয় সরকারের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/আরএইচ