মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন টেকনাফের সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী। তিনি বলেছেন, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে। যত বড় ক্ষমতাধর ব্যক্তি বা নেতা-ই হোন না কেন, মাদকের সঙ্গে সম্পৃক্ত থাকলে কাউকে ছাড় দেওয়া হবে না।
শনিবার (২২ আগস্ট) টেকনাফ মডেল থানার আয়োজনে ‘চলো যাই যুদ্ধে—মাদকের বিরুদ্ধে’ শীর্ষক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাহজাহান চৌধুরী বলেন, মাদক সমাজ ও দেশের জন্য বড় হুমকি। এ অপশক্তিকে নির্মূল করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এনামুল হক এনাম, সদর বিএনপির সভাপতি আব্দুল গফুর, সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ, যুবদলের সভাপতি মোহাম্মদ কাইয়ুম, পৌর বিএনপির আব্দুস সালামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মৎস্যজীবী দলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
যুবদলের সভাপতি মোহাম্মদ কাইয়ুম বলেন, মাদক কারবারিদের যারা আশ্রয়-প্রশ্রয় দেবেন, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, মাদক কারবারিদের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। মাদকের শিকড় উপড়ে ফেলা পর্যন্ত পুলিশ অভিযান অব্যাহত রাখবে।
টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বলেন, মাদক কারবারিদের কারণে সমাজে অস্থিরতা সৃষ্টি হচ্ছে। দেশকে শান্ত ও নিরাপদ রাখতে হলে মাদক এবং এর সঙ্গে জড়িতদের নির্মূল করতে হবে।
বক্তারা বলেন, মাদকের ভয়াবহতা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
প্রতিনিধি/আরএইচ