সিলেটের ওসমানীনগরে তেলবাহী ট্যাংকলরি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (২২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার গফুর মিয়ার ছেলে নিয়ামত আলী (৩২), তাঁর স্ত্রী হজুফা (২৮) ও চার বছরের মেয়ে আয়েশা। নিয়ামত বর্তমানে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শ্রীরামসী এলাকায় বসবাস করছিলেন। দুর্ঘটনায় প্রাণ হারানো অপরজন হলেন সিএনজিচালিত অটোরিকশার চালক শেরপুর এলাকার ফরিদ মিয়ার ছেলে লালন মিয়া।
স্থানীয় সূত্রে জানা গেছে, যাত্রী নিয়ে অটোরিকশাটি শেরপুর থেকে সিলেটের দিকে যাচ্ছিল। ব্রাহ্মণগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী ট্যাংকলরির সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা অটোরিকশার চালকসহ সাতজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। আহত দুজন বর্তমানে একই হাসপাতালে চিকিৎসাধীন।
শেরপুর হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত দুইজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
দেশবার্তা/একে